আট প্রার্থীর মধ্যে একজনের বিরুদ্ধেও মামলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁদের কারও বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তাঁদের মনোননয়পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
এই আসনের ওই আট প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, বর্তমান সাংসদ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপি মনোনীত নওশাদ জমির, জাতীয় পার্টির আবু সালেক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রার্থী আল রাশেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল্লাহ, জাকের পার্টির প্রার্থী সুমন রানা ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হাবিবুর রহমান।
আট প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে, তাঁদের মধ্যে একজন স্বশিক্ষিত, দুইজন এসএসসি, একজন উচ্চমাধ্যমিক, একজন বিকম, একজন কামিল, একজন স্নাতকোত্তর ও একজন বার–অ্যাট–ল পাস। হলফনামার পেশার স্থানে দুজন চাকরিজীবী, চারজন ব্যবসায়ী, একজন মৎস্যখামারি এবং একজন আইনজীবী বলে উল্লেখ করেছেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে বিভিন্ন দল থেকে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে সময় একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৈধ প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান হলফনামায় তাঁর নামে কোন ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী ও কৃষক।
বর্তমান সাংসদ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান নিজের দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। পেশার ঘরে তিনি নিজেকে একজন মৎস্যখামারি উল্লেখ করেছেন।
বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা বার–অ্যাট–ল এবং পেশায় একজন আইনজীবী ও আইন পরামর্শক বলে উল্লেখ করেছেন।
জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক হলফনামায় তাঁর নামে কোনো ফৌজদারি মামলা নেই উল্লেখ করেছেন। তিনি বিকম পাস। হলফনামায় তাঁর পেশা ব্যবসা বলে উল্লেখ করেছেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রার্থী আল রাশেদ প্রধান হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করলেও পেশায় নিজেকে (চাকরিজীবী) একটি বেসরকারি কোম্পানির সিইও এবং অপর একটি কোম্পানির বিপণন ব্যবস্থাপক বলে উল্লেখ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল্লাহ হলফনামায় তাঁর নামে কোনো ফৌজদারি মামলা নেই উল্লেখ করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং পেশায় ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন।
জাকের পার্টির প্রার্থী সুমন রানা হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং পেশায় পাথর ও বালুর ব্যবসা উল্লেখ করেছেন।
ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হাবিবুর রহমান হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা কামিল পাস এবং পেশা শিক্ষকতা বলে উল্লেখ করেছেন।
আট প্রার্থীর মধ্যে সাতজনেরই কোনো ব্যাংকে দায়দেনা নেই। তাঁদের মধ্যে শুধু বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটি ব্যক্তিগত ঋণ রয়েছে।
পঞ্চগড়–১ আসনে বিভিন্ন দলের ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. তৌহিদুল ইসলাম পঞ্চগড় পৌরসভার বর্তমান মেয়র থাকা অবস্থায় মনোনয়ন দাখিল করায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তবে হলফনামায় তাঁর বিরুদ্ধে সাতটি ফৌজদারি মামলার সর্বশেষ ফলাফল উল্লেখ করেছেন।
গত রোববার মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ৯ জনের মধ্যে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।