বগুড়ার শিবগঞ্জ পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নারীদের শিক্ষাগত যোগ্যতা হতাশাজনক। আটজন নারীর মধ্যে মাত্র একজন এসএসসি পাস করেছেন। অন্যরা বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে আটজন নারী প্রার্থী রয়েছেন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে অলেদা বেগম, রেহেনা বেগম ও মিনারা বেগম; ২ নম্বর ওয়ার্ডে মিনেরা বেগম, মিনারা বেগম ও মাজেদা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডে শাহানাজ বেগম ও আনোয়ারা বেগম।
হলফনামা সূত্রে জানা যায়, এর মধ্যে শুধু শাহানাজ বেগম এসএসসি পাস করেছেন। বাকি সবাই অষ্টম শ্রেণি পাস। তাঁদের মধ্যে ছয়জনই গৃহিণী। একজন পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘পশুপালন’, আরেকজন উল্লেখ করেছেন ‘ব্যবসায়ী’। তবে নির্বাচনে যে টাকা ব্যয় করবেন তা কৃষি খাত থেকে করবেন বলে সাতজন প্রার্থী উল্লেখ করেছেন। আর ১ নম্বর ওয়ার্ডের মিনারা বেগম নির্বাচনে ৬৯ হাজার ৩০০ টাকা ব্যয় করবেন—এ কথা জানালেও কোথায় থেকে এ টাকা আসবে তা হলফনামায় উল্লেখ করেননি।
প্রার্থী মাজেদা বেগম বলেন, তাঁদের সময় নারীশিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হতো না। তবে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষা ছাড়া নারীর আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, ‘জনগণের সেবা করতে শিক্ষিত হওয়ার তেমন প্রয়োজন হয় না। তাই এটা কোনো সমস্যা নয়। তবে এ কথাও মানি শিক্ষিত হওয়াটা জরুরি।’
উপজেলা সদরের গৃহবধূ আদিয়া পারভীন বলেন, ‘শিক্ষিত নারীদের এখনো কাউন্সিলর নির্বাচনে আসার পরিবেশ তৈরি হয়নি বলে কম শিক্ষিতরা এ জায়গা দখল করে নিয়েছেন। ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হবে। একসময় উচ্চশিক্ষিত নারীরা এ পদ দখল করবেন।’