আট বছর আগের সেরা কলেজে এবার পাস করেননি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে উচ্চমাধ্যমিক পর্যায়ে মিঠাপুর আদর্শ কলেজ উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছিল। আর এবার পাস করেননি একজনও। ১৬ বছর ধরে অবকাঠামোগত উন্নয়ন ও এমপিওভুক্ত না হওয়ায় কলেজটি এখন বেহাল।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, শিক্ষক বা শিক্ষার্থী কেউই নেই। অধ্যক্ষের কার্যালয়ের সামনে কয়েকজন তরুণ বসে তাস খেলছেন। অফিস ও শ্রেণিকক্ষগুলোর করুণ দশা। একটি শ্রেণিকক্ষের দরজা-জানালা ভেঙে খুলে পড়েছে। শ্রেণিকক্ষে টেবিল, চেয়ার, বেঞ্চ কিছুই নেই। শ্রেণিকক্ষগুলো পরিত্যক্ত থাকায় এর ভেতরে লোকজন পায়খানা-প্রস্রাব করছে। ভবনের টিনের ছাউনি নষ্ট হওয়ায় পানি ঢুকছে। কিছু কিছু কক্ষের ভেতরে ঘাস ও গাছ জন্মেছে। অধ্যক্ষের কার্যালয়ে দুটি চেয়ার থাকলেও সেগুলো ভাঙা। শিক্ষকদের কক্ষে কয়েকটি টেবিল ও বেঞ্চ রয়েছে।
মিঠাপুর বাজারের বাসিন্দা স্বপন হোসেন বলেন, একসময় কলেজটিতে শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। এখন কলেজটি গোয়ালঘরে পরিণত হয়েছে। শিক্ষক-কর্মচারীরা বেতন না পাওয়ায় এ অবস্থা হয়েছে।
বেলা দেড়টার দিকে কলেজের অধ্যক্ষসহ কয়েকজন কলেজে আসেন। শিক্ষকেরা বলেন, তাঁরা কলেজে এসেছিলেন, কিন্তু দুপুরে চলে গেছেন।
শিক্ষকদের দেওয়া তথ্যমতে, বদলগাছি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মিঠাপুর ইউনিয়নে ২০০০ সালে এই কলেজ মিঠাপুর আখতার হামিদ সিদ্দিকী কলেজ নামে প্রতিষ্ঠা হয়েছিল। আখতার হামিদ সিদ্দিকী বিএনপি সরকারের ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সাংসদ ছিলেন। কিন্তু বিএনপি সরকারের আমলে কলেজটি এমপিওভুক্ত হয়নি। আর বিএনপি নেতার নামে নামকরণ হওয়ায় আওয়ামী লীগ সরকারের দুই দফার মেয়াদেও কলেজটি এমপিওভুক্ত হয়নি। এমনকি অবকাঠামো উন্নয়নেও বরাদ্দ মেলেনি। ২০১২ সালে এর নাম মিঠাপুর আদর্শ কলেজ করা হয়।
২০০৮ সালে উচ্চমাধ্যমিক ফলাফলে কলেজটি বদলগাছি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ওই বছর ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন পরীক্ষায় পাস করেন।
কাগজে-কলমে এ কলেজে এখন ১৫ জন শিক্ষক আছেন। কিন্তু অনেকে কলেজ ছেড়ে চলে গেছেন। শিক্ষার্থীদের বেতন দিয়ে তাঁদের বেতন দেওয়ার নিয়ম। কিন্তু কয়েক বছর ধরে কলেজে শিক্ষার্থীও তেমন একটা ভর্তি হন না। তাই তাঁদের বেতনও হয় না। এবার কলেজ থেকে মানবিক বিভাগে একজন ও বিজ্ঞান বিভাগ থেকে চারজন—মোট পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের সবাই পরীক্ষায় ফেল করেছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় সারা দেশের ২৫টি কলেজে একজনও পাস করেননি, এমন তালিকায় এ কলেজের নাম আছে।
কলেজের এ ফলাফল সম্পর্কে একজন শিক্ষক বলেন, ‘পেটে ক্ষুধা রেখে কি আর পড়াতে ভালো লাগে? আমরা এভাবে আর কত দিন বেকার থাকব?’
কলেজের অধ্যক্ষ শামছুর রহমান বলেন, শিক্ষার্থীরা না আসায় কলেজে পড়াশোনা হয় না। শুধু শিক্ষকেরা এসে হাজিরা দিচ্ছেন। তিনি আরও বলেন, ২০০৮ সালে যে কলেজটি উচ্চমাধ্যমিকের ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছিল, সেই কলেজের কোনো শিক্ষার্থীই পাস করল না। এমনটি এক দিনে হয়নি। শিক্ষকেরা না খেয়ে কত দিন এভাবে চালিয়ে যাবেন। পেটে ক্ষুধা থাকলে কারও কিছুই ভালো লাগে না।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় কলেজের শিক্ষকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। কলেজে কোনো শিক্ষার্থীও আসেন না। কলেজটি এখন মৃতপ্রায়।