দুটি অস্ত্রোপচার কক্ষে যন্ত্রপাতি পড়ে আছে। কিন্তু অবেদনবিদ না থাকায় আট বছর ধরেই এসব যন্ত্র ব্যবহৃত হচ্ছে না। ফলে এখানে প্রসূতি অস্ত্রোপচারসহ সব ধরনের অস্ত্রোপচারই বন্ধ। অন্যান্য বিভাগে চিকিৎসক সংকট রয়েছে। এতে এ হাসপাতালে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
এসব সমস্যার পাশাপাশি রোগীদের জরুরি সেবার জন্য বরাদ্দ করা অ্যাম্বুলেন্সও দীর্ঘ ১৩ বছর ধরে নষ্ট। শৌচাগার আছে, ব্যবহারের অনুপযোগী। রোগ নির্ণয়ের যন্ত্র আছে। কিন্তু প্যাথলজিস্ট নেই। এক্স-রে মেশিনটিও আট বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
এ চিত্র ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ১৯৭৩ সালে ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়। ২০০৮ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের ২১টি পদের মধ্যে ৯টি শূন্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মরত ১২ জনের মধ্যে প্রেষণ, ছুটি ও প্রশিক্ষণে রয়েছেন পাঁচজন। সেবিকার ১৮টি পদের মধ্যে ১৫টি পদই শূন্য। সব মিলিয়ে হাসপাতালে ১৬৩টি পদ আছে, এর মধ্যে ৪২টিই শূন্য।
কয়েকজন চিকিৎসকসহ একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন মাসে যোগদান করা চিকিৎসা কর্মকর্তা নাফি মোহাম্মদ ১ আগস্ট থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ফারজানা সুলতানা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাসের প্রশিক্ষণে রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু বিশেষজ্ঞ ইকবাল হোসেন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেষণে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন জুনিয়র বিশেষজ্ঞ মশিউর রহমান (অর্থো-সার্জারি), মাহবুবুল হক (শিশু), ফেরদৌস রহমান (হৃদ্রোগ) হাসপাতালে নিয়মিত যান না। মাঝে মাঝে সপ্তাহজুড়েই তাঁরা আসেনও না। গাইনি বিশেষজ্ঞ নুসরাত আরা ইউসুফ ছুটিতে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ মার্চ হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে জরুরি প্রসূতিসেবা (ইওসি) কার্যক্রম চালু হয়। প্রসূতিসেবার অস্ত্রোপচারের জন্য সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। ইওসি কার্যক্রম চালুর পরপরই স্ত্রীরোগ বিশেষজ্ঞ খুমাইরা ফাহমিদা ২০০৮ সালে চাকরি ছেড়ে দেন ও অবেদনবিদ মুশফিকুর রহমান অন্যত্র বদলি হন। ফলে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ কার্যক্রম বন্ধ থাকায় এ উপজেলা থেকে প্রতিবছর পাঁচ শতাধিক প্রসূতিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, কিশোরগঞ্জের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যত্র পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন এখানে বহির্বিভাগে দুই শ থেকে আড়াই শ রোগী চিকিৎসা নিতে আসেন। অন্তর্বিভাগে প্রতিদিন ৪০ থেকে ৬০ জন রোগী ভর্তি থাকেন।
২২ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে কোনো চিকিৎসক নেই। আমির হোসেন নামে একজন ওয়ার্ডবয় বসে আছেন। তিনি বলেন, চিকিৎসক বহির্বিভাগে আছেন। রোগী এলে ফোন করলে তিনি আসেন। মহিলা, পুরুষ, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডসহ হাসপাতালের বারান্দা বেশ অপরিচ্ছন্ন। পুরুষ ওয়ার্ডে শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
পেটের ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা ইয়াকুব আলী, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে আসা আরজু মিয়া ও মুসলিম মিয়াসহ অন্তত ১০-১৫ জন রোগী বলেন, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে চিকিৎসকের কাছে যেতে পেরেছেন। অনেক রোগী থাকায় চিকিৎসকেরা কোনোমতে কথা শুনে ওষুধ লিখে দিয়েছেন।
সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, হাসপাতালে সবকিছুই আছে। কিন্তু প্যাথলজিস্ট না থাকায় রোগ নির্ণয়ের কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয় না অনেক বছর ধরে। ফলে রোগীদের বাইরে থেকে অনেক টাকায় পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়।
ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা রনি রায় বলেন, ছয়-সাতজন চিকিৎসককে দিয়ে ২১ জন চিকিৎসকের সেবা দেওয়া সম্ভব নয়। একজন চিকিৎসক রাতে ডিউটি শেষ করে আবার সকালে বহির্বিভাগে এসে রোগী দেখছেন। চিকিৎসক সংকটের কারণে কেউ বিশ্রাম নিতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুখলাল সরকার প্রথম আলোকে বলেন, জনবলসংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়গুলো সিভিল সার্জনকে জানানো হয়েছে।
সিভিল সার্জন হাসিনা আক্তার প্রথম আলোকে বলেন, চিকিৎসকসহ জনবল ঘাটতির বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়কে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে চিকিৎসকেরা উপজেলায় থাকতে চান না। আবার অনেকেই বিভিন্ন জায়গায় প্রশিক্ষণে চলে যান। এসে সমস্যার সৃষ্টি হয়।’