আট বছর ধরে দাঁড়িয়ে আছে শুধু চারটি স্তম্ভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারা নদীর সিলেটের বিয়ানীবাজারের চন্দরপুর ও গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর অংশে মাথা উচুঁ করে দাঁড়িয়ে রয়েছে নির্মাণাধীন সেতুর চারটি স্তম্ভ (পিলার)। আট বছর ধরে এ এলাকার মানুষ স্তম্ভগুলো দেখে আসছে। কিন্তু সেতু আর হচ্ছে না। ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি সিলেট-৬ আসনের তৎকালীন সাংসদ ও বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চন্দরপুর-সুনামপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০০৩-০৪ অর্থবছরে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে। তখন ১৮৬ দশমিক ৭৬ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ০৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে পাঁচ কোটি ৭৪ লাখ টাকার ব্যয় ধরা হয়। দুই বছরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু চারটি স্তম্ভ ছাড়া সেতুর আর কোনো কাজ হয়নি।সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের জন্য ভূমি অধিগ্রহণে জটিলতার সৃষ্টি হওয়ায় কাজ বন্ধ রয়েছে। গত ১০ বছরে তিনবার সেতুর সংযোগ সড়কের নকশা পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ভূমি মালিকদের কাছে অধিগ্রহণের নোটিশ পাঠানো হয়েছে। ২০০৩ সালে সেতুটির নির্মাণকাজ শুরু করে ‘নির্মিতি অ্যান্ড ওহিদুজ্জামান চৌধুরী জয়েন্টভেঞ্চার’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম দিকে দ্রুতগতিতে কাজ চলে। ২০০৫ সালে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। সওজ সূত্র জানায়, সেতুটির নকশায় কিছু পরিবর্তনের প্রয়োজন হওয়ায় এবং ভূমি অধিগ্রহণে জটিলতা সৃষ্টি হওয়ায় ২০০৫ সালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ২০০৯-১০ অর্থবছরে এটিকে অসমাপ্ত সেতু সমাপ্তকরণ প্রকল্পের আওতায় এনে এবং নকশার কিছুটা পরিবর্তন করে নির্মাণব্যয় বাড়িয়ে সাত কোটি টাকা করা হয়। তখন ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে বলে সওজ কর্তৃপক্ষ জানায়। ২০১০ সালের সেপ্টেম্বরে আবার সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।দীর্ঘদিন ধরে সেতুটি অসমাপ্ত পড়ে থাকায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দাসউরা গ্রামের শিক্ষক আজিম উদ্দিন বলেন, সেতুটি হলে সিলেটের সঙ্গে যোগাযোগ সহজ হবে। সময় ও অর্থ দু-ই বাঁচবে। কিন্তু সেতুটি আদৌ নির্মাণ করা হবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। চন্দরপুর গ্রামের মাখন মিঞা বলেন, ‘সেতুর কাম শুরু অয়ায় (হওয়ায়) মনে করছিলাম আমরার কষ্টর দিন যাইব, এখন তো পিলার দেকিয়ার কষ্ট আরও বাড়ছে।’জানতে চাইলে সওজের সিলেট কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন মজুমদার বলেন, সময়মতো বরাদ্দ না আসায় ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। ভূমি অধিগ্রহণ সম্পন্ন এবং বরাদ্দ পাওয়া গেলে সেতুর কাজ শুরু হবে। তবে কত দিনের মধ্যে কাজ শুরু করা যাবে তা তিনি জানাতে পারেননি।