আট বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় ১১ হাজার গ্রাহক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিন উপজেলার ১১ হাজার গ্রাহক আট বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় রয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, সমিতির আওতায় জেলার রাঙ্গুনিয়ায় ৪৪ হাজার, রাউজানে ৩৯ হাজার ও ফটিকছড়িতে ৬৪ হাজার গ্রাহক বিদ্যুৎসুবিধা পেলেও সুবিধাবঞ্চিত রয়েছেন আরও দেড় লাখ গ্রাহক। যাঁদের মধ্য থেকে বিদ্যুৎসংযোগের আবেদন করেছেন ১১ হাজার গ্রাহক। রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সিরাজদ্দৌলা দুলাল জানান, ইউনিয়নের মোহাম্মদপুর, খামারিপাড়া ও ঘাগড়া গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ কি জিনিস চোখে দেখেননি এখনো।ইউনিয়নের ঘাগড়া গ্রামের আবদুল মতিন জানান, ২০০৪ সালে গ্রামের শতাধিক গ্রাহক বিদ্যুৎসংযোগের জন্য সমিতির রাঙ্গুনিয়া কার্যালয়ে আবেদন করেন। কিন্তু অদ্যাবধি বিদ্যুৎসংযোগ পাননি কেউ।একই কথা বলেছেন ফটিকছড়ি উপজেলার দাতমারা ইউনিয়নের পশ্চিম বেথুয়া গ্রামের আনোয়ার হোসেন, সাবের আহমদ; হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামের জয়নাব বেগম, ফরিদুল ইসলাম; রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের লাম্বুরহাট গ্রামের মফিজুল ইসলাম ও আস্কর আলী।গ্রাহকেরা জানান, বিদ্যুৎসংযোগের আশায় আট বছর আগে ঘরে সুইচ-বাতি লাগিয়ে রেখেছেন। এ সময় তাঁদের প্রত্যেকের চার-পাঁচ হাজার টাকা খরচ হয়। আবেদন করার সময় নেওয়া হয় এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। ধরনা দিতে খরচ হয় অনেক টাকা।সমিতির রাঙ্গুনিয়া কার্যালয়ের লাইন পরিদর্শক মুজিবর রহমান বলেন, লোডশেডিংয়ের কারণে সরকার নতুন বিদ্যুৎসংযোগ বন্ধ রাখে। ফলে ২০০৪ সালে আবেদন করা চট্টগ্রামের তিন উপজেলার ১১ হাজার গ্রাহক বিদ্যুৎসংযোগ পাননি।সমিতির উপব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, সমিতির যৌথ বিনিয়োগে রাউজানে ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। এটি চালু হলে তিন উপজেলার ১১ হাজার আবেদনকারীও বিদ্যুৎসংযোগ পাবেন।