আট বছর ধরে বেড়িবাঁধে ২০ হাজার মানুষ

সুন্দরবন লাগোয়া সুতারখালি গ্রামের আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে। খুলনার দাকোপ উপজেলার ওই গ্রাম থেকে যখন ফিরছি, তখন বৃষ্টি নামি নামি করছে। মেঘলা আকাশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই লবণাক্ত জনপদে আশার আলো ও ভয় দুই-ই নিয়ে আসে। একদিকে বৃষ্টি হলে মাটি ও পানিতে লবণ কমে তা ফসলের উপযোগী হয়, অন্যদিকে ২০০৯ সাল থেকে যাঁরা এখানকার বেড়িবাঁধে গোলপাতার ঘর তুলে আছেন, বৃষ্টি এলে ভয়ে তাঁদের বুক কাঁপে।
দাকোপ সদর থেকে চুনকুড়ি নদী পেরিয়ে সুতারখালি গ্রামে যাওয়ার পথে বেড়িবাঁধে গোলপাতার অনেক জীর্ণ-শীর্ণ ঘর চোখে পড়ল। পাশে নতুন বেড়িবাঁধ নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। বাঁধের ওপর শিশুরা খেলছে, কয়েকজন নারী কাঁধে কলস ও হাতে বালতি নিয়ে ৫-১০ কিলোমিটার দূরের নলকূপ থেকে পানি আনতে যাচ্ছেন।
২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার পর যেসব মানুষ এই বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে অন্তত ২০ হাজার এখনো সেখানে বসবাস করছে। বলতে গেলে মানবেতর জীবন কাটাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে এখান থেকে উচ্ছেদ হওয়ার শঙ্কা।
বাঁধে আশ্রয় নেওয়া বয়োজ্যেষ্ঠ জাহান আলী সানার সঙ্গে কথা হয়। বেড়িবাঁধ ঠিক করা হচ্ছে, এখন তো বাড়ি ফিরতে পারবেন—এ কথা বলতেই খেপে ওঠেন তিনি। বলেন, ‘গত ২০ বছরে ছয়বার ঘর পাল্টাইছি। আইলার পর থিকা এইখানে আছি, এখন বাঁধ থেকে আমাগের চইলে যাতি বইলছে।’ আরও কয়েকজন সেখান থেকে না যাওয়ার কথা বললেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খুলনা কার্যালয় বলেছে, উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্প ফেজ-১-এর আওতায় খুলনা ও বাগেরহাটের দুটি পোল্ডার মেরামতের কাজ চলছে। ৬৯৬ কোটি টাকা ব্যয়ের এই কাজ শেষ হবে ২০১৯ সালে। প্রকল্পের আওতায় চারটি পোল্ডারের বেড়িবাঁধে বসবাসকারী ৫ হাজার মানুষকে তারা চিহ্নিত করে অন্যত্র চলে যেতে বলেছে। এ জন্য প্রতিটি পরিবারকে ঘরের ধরন অনুযায়ী ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ দেওয়া হচ্ছে।
প্রকল্পটির ফেজ-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধে যাঁরা আছেন তাঁরা অবৈধ দখলদার। তাঁরা যাতে এখান থেকে চলে যাওয়ার পর অন্যত্র বাড়িঘর করে থাকতে পারেন, সে জন্য আমরা অর্থ সহায়তা দিচ্ছি।’
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের বাংলাদেশ রেজিলিয়ান্স প্রকল্পের একটি গবেষণায় দেখা গেছে, আইলায় প্রায় ২ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়। এদের মধ্যে ১ লাখ ২০ হাজার মানুষ তাদের বাড়িঘরে ফিরেছে। ২০ হাজার মানুষ এখনো বেড়িবাঁধে বসবাস করছে। বাকি ৬০ হাজার মানুষ দেশ-বিদেশে উদ্বাস্তুর মতো বসবাস করছে।
গবেষণা প্রকল্পটির উপকূলীয় ব্যবস্থাপনা অংশের প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মোস্তফা সারোয়ার। তিনি বলেন, যারা নিজ এলাকায় ফিরেছে, তাদের জীবনযাত্রার মানও অনেক কমেছে। খেতে ফসল হচ্ছে না, এলাকায় কাজ নেই। তাই অনেকে সুন্দরবনে কাঠ পাচার, বন্য প্রাণী হত্যা ও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে।
খুলনাভিত্তিক সংগঠন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোটের (ক্লিন) প্রধান নির্বাহী হাসান মেহেদি প্রথম আলোকে বলেন, ‘এখনো যারা বেড়িবাঁধে উদ্বাস্তু হিসেবে মানবেতর জীবন যাপন করছে, তাদের এখন উন্নয়নের নামে উচ্ছেদ করা হচ্ছে। এই মানুষেরা কোথায় যাবে?’