আট বছর পর যশোর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এ কমিটিতে আরিফুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, গত বছর জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে শহরে অপ্রীতিকর ঘটনা ঘটে। তারপর সংঘাত এড়াতে ছাত্রলীগের জেলা কমিটি গঠনের ভার কেন্দ্রীয় কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়।দলীয় সূত্রে জানা গেছে, কমিটি গঠনের আগে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থাীয় তিনজন নেতা তাঁদের পছন্দের প্রার্থীদের নামের পৃথক দুটি তালিকা দলের কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠান। এর মধ্যে স্থানীয় সাংসদ খালেদুর রহমানের পছন্দের তালিকায় ছিলেন মহিউদ্দীন আহম্মেদ ও হালিম বিশ্বাস এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের পছন্দের তালিকায় ছিলেন আরিফুল ইসলাম ও আনোয়ার হোসেন। পরে কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুটি তালিকা সমন্বয় করে জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হয়েছেন ফয়সল খান, আবদুল হালিম, নিয়ামত উল্লাহ, জাকির হোসেন ও তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, দেবাশীষ দাস, আহসানুল করিম ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, নুরুল্লাহ খান, আহম্মদ আলী ও মাসুদ রানা।