আট বছর পর ক্যাম্পাস পেল কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের নবনির্মিত বহুতল ভবন  l ছবি: প্রথম আলো
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের নবনির্মিত বহুতল ভবন l ছবি: প্রথম আলো

দীর্ঘ আট বছর পর নিজস্ব ক্যাম্পাস পেল কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ। ৮ জানুয়ারি থেকে শহরতলির ঝিলংজা এলাকার নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। ৬৭ জন শিক্ষক ও ৪১৪ জন শিক্ষার্থীর পদচারণে এখন মুখর নতুন কলেজ ক্যাম্পাস।

কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ ও সিসিইউ বিভাগের জন্য নির্মিত একটি চারতলা ভবনে এত দিন কলেজের কার্যক্রম চলেছে। ২০০৮ সালের ১৩ নভেম্বর ‘কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ’ প্রশাসনিক অনুমোদন লাভ করে। ২০০৯ সালের ২৮ জানুয়ারি কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তির মাধ্যমে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় শ্রেণি কার্যক্রম।

মেডিকেল কলেজ সূত্র জানায়, কক্সবাজার সরকারি কলেজের পাশে ঝিলংজা এলাকার ৩২ দশমিক ৪০ একর জমিতে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে একাধিক বহুতল ভবন নিয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি হোস্টেলও রয়েছে।

তবে কয়েকজন শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন, কলেজের নিজস্ব ক্যাম্পাস চালু হলেও এখনো হাসপাতাল করা হয়নি। যে কারণে ক্যাম্পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে তাঁদের যাতায়াত করতে হচ্ছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, পাহাড় ও সবুজের মাঝে গড়ে ওঠা এই কলেজ একদিন দেশের সেরা মেডিকেল কলেজে রূপান্তরিত হবে। নতুন ক্যাম্পাসে পাঠদান শুরু হয়েছে। এরপর হাসপাতালের কার্যক্রমও শুরু হবে। হাসপাতাল স্থাপন না হওয়া পর্যন্ত কলেজের শিক্ষার্থীদের আগের মতো কক্সবাজার সদর হাসপাতালে যেতে হবে।