আট বছর পর সম্মেলন হলেও কমিটি হলো না
রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আট বছর পর গত সোমবার অনুষ্ঠিত হলেও ছাত্র-অছাত্র নিয়ে মতবিরোধের কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি। এত বছর পর সম্মেলন হলেও কমিটি গঠন করতে না পারায় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাসেম বিন জুম্মন বলেন, প্রার্থী অনেক হওয়ায় তা যাচাই-বাছাইয়ের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। খুব শিগগিরই একটি নতুন কমিটি গঠিত হবে বলে আশা করা যায়। তিনি আরও বলেন, কমিটি জেলার সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হলে ভালো হতো। ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, ২০০২ সালের ২৮ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে বিপ্লব বিশ্বাস ও জাসেম বিন জুম্মন। গত সোমবার টাউন হলে সম্মেলনের মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি নিয়ে সম্মেলনে নানা জল্পনা-কল্পনা চলে। সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ১৮ জন। আর সাধারণ সম্পাদক পদে ২১ জন। কিন্তু তাঁদের মধ্যে ছাত্র-অছাত্র বিষয়টি নিয়ে মতবিরোধের সমাধান না হওয়ায় নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। সভাপতি পদপ্রার্থী রাশেদুন্নবী ওরফে জুয়েল বলেন, রংপুর থেকেই কমিটি ঘোষণা করা উচিত ছিল। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা বলেন, প্রকৃত ছাত্ররা কমিটিতে থাকতে পারলে ছাত্ররাজনীতির গতি ফিরে আসবে। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ওরফে রিপন ও সাংগঠনিক সম্পাদক রিপন পোদ্দার উপস্থিত ছিলেন।