আট বছর পর হাসপাতাল অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আট বছর পর ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে র‌্যাব-১০।
এটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ২০০৬ সালের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা কেরানীগঞ্জের জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে ক্যাম্প করেন। এতে হাসপাতালের সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ বিষয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
গত ২৮ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ হাসপাতাল চালু করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়। সেখানে উল্লেখ করা হয়, ১ নভেম্বর র‌্যাব-১০ তাদের হাসপাতালটি বুঝিয়ে দেবে। এরপর ১ নভেম্বর র‌্যাব-১০ কেরানীগঞ্জের ক্যাম্পটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল জব্বার কমিউনিটি সেন্টারে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে হাসপাতালটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
গতকাল রোববার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসাসেবা নেওয়ার জন্য কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা হাসপাতালের বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে আছেন।
দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে মো. বাদল তাঁর মেয়ে সেলিনা আক্তারের যক্ষ্মারোগের টিকা দিতে এসেছেন। তিনি জানান, র‌্যাবের ক্যাম্প থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হতো। জিনজিরার মান্দাইল এলাকার বাসিন্দা আসমা খাতুন বলেন, র‌্যাবের ক্যাম্প থাকায় তাঁরা হাসপাতালে আসতেন না। র‌্যাব চলে যাওয়ায় খবর পেয়ে হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসেবা নেওয়ার জন্য এসেছেন।
হাসপাতালে কর্মরত স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সাহেব আলী জানান, ক্যাম্প চলে যাওয়ার পর থেকে বহির্বিভাগে রোগীর সংখ্যা বাড়ছে।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, হাসপাতালটি আবার সচল করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়মিতভাবে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া ও যক্ষ্মারোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরি চালু আছে।
নাম প্রকাশ না করার শর্তে র‌্যাব-১০-এর কেরানীগঞ্জ ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, সরকার জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু করবে বলে র‌্যাবের ক্যাম্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।