প্রতিবেশীর সঙ্গে মারামারিতে আট বছর আগে খুন হন মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাস। আর এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার (আধাসরকারি পত্র) দিয়ে সুপারিশ করেছেন স্থানীয় সরকার দলীয় সাংসদ বীরেন শিকদার।
মামলার এজাহার এবং এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কুল্লিয়া গ্রামে গরুতে গাছ খাওয়া ও মহিলাদের মধ্যে ঝগড়া নিয়ে ২০০৪ সালের ১২ নভেম্বর প্রতিবেশীদের হামলায় দেবেন্দ্রনাথ বিশ্বাস (৫৮) জখম হন। হামলার পরদিন দেবেন্দ্রনাথের ভাই ব্রজেন্দ্রনাথ বিশ্বাস বাদী হয়ে প্রতিবেশী ২৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনার চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবেন্দ্রনাথ মারা যান। পরবর্তী সময়ে মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়।
জানা যায়, তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পুলিশের তদন্তে বা আদালতে সাক্ষীদের সাক্ষ্য-জেরার কোথাও এ খুনের ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। তা ছাড়া মামলার বাদী বা আসামিদের কেউ কোনো রকম রাজনৈতিক তৎপরতায় জড়িত নন।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবীর ওই মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, রাষ্ট্র মামলটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এসপি জানান, মামলাটি বিচার-প্রক্রিয়ার শেষ পর্যায়ে ছিল। স্থানীয় কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘ওই খুনের সঙ্গে বিন্দুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তার পরও রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। আমরা হতবাক ও বিস্মিত। মামলার বাদী বা আসামিদেরও কেউ রাজনীতিতে জড়িত নন।’
ওই মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়ার কথা অস্বীকার করে সাংসদ বীরেন শিকদার বলেন, ‘আমি কোনো মামলা প্রত্যাহারের জন্য ডিও লেটার দিইনি।’ সাংসদ ডিও লেটার দেওয়ার কথা অস্বীকার করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, মামলাটি প্রত্যাহারের জন্য তিনি ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন।
নিহত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস বলেন, ‘বাবার খুনিদের বিচার না পেলে আমরা মরেও শান্তি পাব না। আমার বাবা খুন হয়েছেন, এটা তো মিথ্যা নয়। তাহলে সরকার কীভাবে মামলাটি প্রত্যাহার করে নিল?’
সূত্র জানায়, ২০১০ সালের ৭ অক্টোবর মন্ত্রণালয়ের ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটি’র ২১তম সভায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে মামলার বাদী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আবেদন করলে ২০১১ সালের ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬তম সভায় মামলাটি প্রত্যাহারের আদেশ বাতিল করা হয়। অথচ প্রায় দুই বছর পর এসে এ মামলাটি আবারও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাটি প্রত্যাহারের ওই সিদ্ধান্তের বিষয়টি চলতি বছরের ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মাগুরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়। উপসচিবের ওই চিঠি পাওয়ার পর মাগুরার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আদালতে শুনানির আবেদন করেন। আদালত গতকাল বুধবার শুনানি গ্রহণ করে এ বিষয়ে ৩০ অক্টোবর আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, খুনের মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। রাজনৈতিক কারণে যদি কাউকে আসামি করা হয়, মামলার অভিযোগ থেকে তাকে বাদ দেওয়া যেতে পারে। বাদী ব্রজেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘প্রায় আট বছর ধরে মামলা চালাতে গিয়ে আমি সর্বস্বান্ত। ভাইয়ের খুনের বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এখন দিশেহারা। কার কাছে যাব?’
দেবেন্দ্রনাথ হত্যা মামলার দুই আসামির সঙ্গে আলাপ করে মামলা প্রত্যাহারের ব্যাপারে মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টি জানা গেছে। তাঁরা জানান, মামলাটি প্রত্যাহারের জন্য ২৬ জন আসামির প্রত্যেকে দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত দিয়েছেন।