আট বছর পরও আতঙ্কিত স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে বাঁশখালীর সাধনপুরে যে ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাঁদের স্বজনেরা এখনো আতঙ্কে আছেন। তবে মামলার বিচারকাজ শুরু হওয়ায় আবারও আশায় বুক বেঁধেছেন তাঁরা। গতকাল শনিবার সরকারি কৌঁসুলিরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে নিহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের এই আতঙ্ক ও আশাবাদের কথা জানান। সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেমের নেতৃত্বে নয় সদস্যের আইনজীবীর একটি দল গতকাল শনিবার দুপুরে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় ঘটনাস্থলে যায়। এ সময় দলের সদস্যরা নিহত ব্যক্তিদের স্বজন ও মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেন। স্বজনেরা উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের কাছে সেই ঘটনার বর্ণনা দেন। প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্রলাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৯ এপ্রিল এ ঘটনায় হত্যা মামলায় ৩৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আগামী ১৫ মে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা আছে। গতকাল শনিবার দুপুরে সরকারি আইনজীবীদের উপস্থিতিতে মামলার বাদী ও নিহত তেজেন্দ্রলাল শীলের ছেলে বিমল শীল বলেন, ‘আমাদের ভিটেমাটি ও জমি দখলের জন্য পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ঘটনার রাতে আমি ঘর থেকে লাফিয়ে প্রাণে বেঁচেছিলাম।’ বিমল আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, গত আট বছরেও এ ঘটনায় বিচার হয়নি। এখন বিচারকাজ শুরু হচ্ছে, এতে আমরা আশাবাদী। দ্রুত বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ এ সময় স্থানীয় অধিবাসী ও ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন সরকারি কৌঁসুলিরা। এ সময় তাঁরা ঘটনার দিনের বর্ণনা দিতে ও জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো মন্তব্য করতে ভয় পাচ্ছিলেন। সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, ‘আমরা সবাই ন্যায়বিচার চাই। দোষী ব্যক্তিদের যেন শাস্তি হয়, সেভাবেই আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আপনারা ভীত হবেন না।’ ওই ঘটনায় নিজের তিন মেয়েকে হারিয়েছিলেন তেজেন্দ্রলাল শীলের ছোট ভাই শচীন্দ্রলাল শীল। তিনি বলেন, ‘আমার নতুন ঘরের কাজ চলছিল। তাই তিন মেয়ে তাদের জেঠার ঘরে ঘুমাচ্ছিল। বাড়ির চারপাশ ঘিরে সন্ত্রাসীরা ঘরে আগুন দেয়। নিজে পানি মেরে আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু কিছুই করতে পারিনি। চোখের সামনে সবাইকে মরতে দেখলাম।’ ঘটনার পর থেকেই বিভিন্ন সময় তাঁদের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভাই (তেজেন্দ্রলাল শীল) এলাকার বিচার-সালিস করতেন। তাঁকে মেরে ফেললে এ পাড়ায় মুখ তুলে কথা বলার কেউ নেই। সম্পত্তি দখলের জন্যই সন্ত্রাসীরা এ কাজ করেছে।’ সরকারি কৌঁসুলীরা এলাকার অধিবাসী ও মামলার সাক্ষী মনমোহন শীল ও মো. দেলোয়ারের সঙ্গে কথা বলেন। তাঁরা দুজন জানান, এলাকার দুর্গা পুকুর নামের একটি পুকুরের জমি কেনাবেচা নিয়ে ২০০৩ সালে আমিন চেয়ারম্যান ও তাঁর সহকারী নূরুল ইসলাম তাঁদের হুমকি দেন। বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন তেজেন্দ্রলাল শীল। দুর্গা পুকুরসংলগ্ন কয়েক কানি জমির মালিক তেজেন্দ্রলালের পরিবার। উল্লেখ্য, আমিনুর রহমান চৌধুরী (আমিন চেয়ারম্যান) সে সময় পার্শ্ববর্তী কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শীলপাড়ার বাসিন্দা মনমোহন শীল বলেন, ‘প্রফুল্ল শীল নামে একজনের কাছ থেকে পুকুরের দুই গণ্ডা জমি কিনি। স্থানীয় আমির হোসেনের কাছে জমি বিক্রি করি। এরপর নূরুল ইসলাম আমাকে জোর করে ধরে নিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ঘটনাটি সাধনপুর ইউনিয়নের সে সময়ের চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরীকে জানালে তিনি সমাধানের আশ্বাস দিয়েছিলেন।’ পার্শ্ববর্তী গুনাগরী এলাকার বাসিন্দা মো. দেলোয়ার বলেন, ‘স্থানীয় আমির হোসেনের কাছ থেকে দুর্গা পুকুরের দুই গণ্ডা জমি কিনতে চেয়েছিলাম। আমির হোসেন ওই জমি মনমোহনের কাছ থেকে কিনেছিলেন। তখন আমিন চেয়ারম্যান ও তাঁর সহকারী নূরুল ইসলাম বাধা দেন। বিষয়টি মীমাংসার জন্য মনমোহনকে নিয়ে তেজেন্দ্রলাল আহসান উল্লাহ চৌধুরীর কাছে গিয়েছিলেন। পুকুরের পাশেই তেজেন্দ্রলালের জমি। পুকুর ও জমি দখলের জন্য একটি চক্র এখনো সক্রিয়।’ প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় ঘটনার অন্যতম আসামি বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। আদালত সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, খুন ও লুটতরাজের অভিযোগে আদালত ২০১১ সালের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সরকারি কৌঁসুলি (পিপি) আগের ধারা বাদ দিয়ে আসামি আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি দখল করতে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন জানান। গত ২৬ ফেব্রুয়ারি এই আবেদন জানানো হয়। ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের সঙ্গে আলাপ শেষে সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম সাংবাদিকদের বলেন, ‘নিহত ব্যক্তিদের সম্পত্তি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তরিক। ১৫ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আশা করি দ্রুত বিচারকাজ শেষ হবে।’