আট বছর পরে দীপংকর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর পর বাংলা ভাইয়ের ক্যাম্পে দীপংকর সাহা হত্যা মামলায় গতকাল রোববার রাজশাহী বিভাগীয় বিশেষ দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে মামলার বাদী ও দীপংকরের বাবা সাক্ষ্য দিয়েছেন। দীপংকর সাহার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে। তাঁর বাবার নাম দীজেন্দ্রনাথ সাহা। আদালত সূত্রে জানা গেছে, দীপংকর সাহা স্থানীয় একটি নদীর ঘাট ইজারা নিয়ে নৌকার টোল আদায় করতেন। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। ২০০৪ সালের ২৭ এপ্রিল সকাল নয়টার দিকে রাজশাহীর বাগমারার হামিরকুৎসা গ্রামে বাংলা ভাইয়ের ক্যাম্পে হাজিরা দেওয়ার কথা বলে তাঁকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়। পরে বাংলা ভাইয়ের ক্যাম্পের পাশে একটি আমগাছের কাছে তাঁর লাশ পাওয়া যায়। ঘটনার পরের দিন ২৮ এপ্রিল দীপংকরের বাবা আত্রাই থানায় মামলা করতে গেলে ঘটনাস্থল সেখানে নয় বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে ২৯ এপ্রিল তিনি বাগমারা থানায় মামলা করেন। মামলার এজাহারে প্রথমে ভয়ে আসামিদের নাম দিতে পারেননি। পরে ২০০৬ সালের বাগমারা থানার উপপরিদর্শক হামিদুল হক বাংলা ভাইকে এক নম্বর আসামি করে ১৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল আদালতে ১৫ জন আসামি উপস্থিত ছিলেন। বাকি তিনজনের মধ্যে বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে। একজন পলাতক রয়েছেন এবং একজনের পক্ষে সময়ের আবেদন করা হয়। গতকাল এ মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য দেওয়ার সময় দীপংকরের বাবা বলেন, তাঁর ছেলেকে ধরে নিয়ে আসার পরে তিনি নিজেই হামিরকুৎসায় বাংলা ভাইয়ের ক্যাম্পে আসেন। সেখানে একটি আমগাছের পাশে ছেলের লাশ পান। তাঁকে বাংলা ভাইয়ের লোকজন লাশ নিয়ে আসতে বললে তিনি প্রথমে রাজি হননি। পরে তাঁদের চাপের মুখে লাশ নিয়ে যান। আইন ও সালিশ কেন্দ্র ও বেসরকারি সংস্থা ব্লাস্ট যৌথভাবে মামলাটি পরিচালনা করছে। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আবদুর রশীদ এবং আসামিপক্ষে ছিলেন আবদুস সামাদ। মামলার পরবর্তী ধার্য তারিখ ৩০ জুলাই। মামলায় মোট ৩৭ জন সাক্ষী রয়েছেন।