আট বছরে এবিসি রেডিও
সাত পেরিয়ে আট বছরে পা দিয়েছে এবিসি রেডিও এফএম ৮৯.২।
গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ে ঘরোয়াভাবে এবিসির জন্মদিন উদ্যাপন করেন এর কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিরা।
২০০৯ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করেছিল এবিসি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এবিসির কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন সকাল থেকে একে একে এবিসি কার্যালয়ে হাজির হন লিংকন, রাফা, হৃদয় খান, পারভেজ, জয়সহ দেশের জনপ্রিয় তরুণ গায়ক ও শিল্পীরা। দিনব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান।
বিকেলে প্রথম আলোর সম্পাদক ও এবিসি রেডিওর পরিচালক মতিউর রহমানের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় এবিসি রেডিওর কর্মীরা ছাড়াও প্রথম আলোর কর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ ও প্রধান পরিচালন কর্মকর্তা ড্যানিয়েল আফজালুর রহমান। জন্মদিনে তাঁরা এবিসি রেডিওর সব শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান।
কাল শনিবার বিকেলে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এবিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে।