আট বছরে গ্যাসের ঘাটতি বেড়েছে ৩০ কোটি ঘনফুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি ছিল দৈনিক ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ঘনফুট। আট বছর পর, গত জানুয়ারিতে দেশে গ্যাসের ঘাটতি সরকারি হিসাবেই ছিল ৮০ কোটি (৮০০ মিলিয়ন) ঘনফুট।
এই সময়ে ঘাটতি ৩০ কোটি ঘনফুট বাড়লেও অধিকাংশ সময়ই সব ধরনের গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের নতুন সংযোগ বন্ধ ছিল। শিল্পে গ্যাস-সংযোগ এখনো বন্ধ। তারপরও চাহিদা ও ঘাটতি দুই-ই বেড়েছে। এই সময়ের মধ্যে গ্যাসের উত্তোলন যা বেড়েছে, তা মূলত বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে কিছু নতুন কূপ খননের মাধ্যমে। তবে তা চাহিদা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারেনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার সূত্রগুলো বলেছে, আগামী দুই বছরে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহের ঘাটতি কমার সম্ভাবনা নেই। ঘাটতি পূরণে বিভিন্ন সময় কিছু কর্মসূচি নেওয়া হলেও তা বর্ধিত চাহিদা পূরণ করতে পারেনি। এরপর বাপেক্সকে দিয়ে পাঁচ বছরের জন্য একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করানো হয়। তবে বাস্তবায়ন পর্যায়ে যাওয়ার আগেই সেই পরিকল্পনার ভিত্তিতে দুই বছরের জন্য ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ধরনের কার্যক্রম নেওয়া হয়। এই কার্যক্রমও এখনো কাগজপত্রে সীমিত আছে। এ ছাড়া এলএনজি আকারে গ্যাস আমদানির ওপর জোর দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন কার্যক্রম সাধারণত দীর্ঘমেয়াদি হওয়া দরকার। তা সত্ত্বেও পাঁচ বছরের পরিকল্পনা তুলে রেখে দুই বছরের ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয় সূত্র বলেছে, বর্তমান সরকারের মেয়াদ আছে আর দুই বছর। তাই এই সময়ের মধ্যে কার্যকর কিছু করে দেখানোর প্রতি মনোযোগ দেওয়াই এই ক্র্যাশ প্রোগ্রাম নেওয়ার কারণ।

পেট্রোবাংলার সূত্র বলেছে, ২০১৪ সালের ১৪ জুন ঢাকার পার্শ্ববর্তী রূপগঞ্জে ছোট্ট একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। তারপর আর কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়নি। আবিষ্কারের উদ্যোগও তেমন ছিল না। অনুসন্ধান কার্যক্রম পরিকল্পনা পর্যায়েই আছে।

জ্বালানি খাতে সরকারের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে বাপেক্স পাঁচ বছরের যে সমন্বিত পরিকল্পনা করেছিল, তাতে ২০২১ সালের মধ্যে ১০৮টি (৫৫টি অনুসন্ধান, ৩০টি উন্নয়ন ও ২৩টি সংস্কার বা ওয়ার্কওভার) কূপ খনন ও তিন হাজার লাইন কিলোমিটারএলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর কথা বলা হয়েছিল। এই পরিকল্পনা থেকে দুই বছরে বাস্তবায়নের যে কার্যক্রমটি চূড়ান্ত করা হয়েছে, তাতে ২০১৮ সালের মধ্যে ২৪টি কূপ খনন (১২টি অনুসন্ধান, ১০টি উন্নয়ন ও ২টি সংস্কার) করার কথা বলা হয়েছে।

এই ২৪টি কূপের মধ্যে ৯টি উন্নয়ন কূপ খনন ও দুটি কূপে ওয়ার্কওভার করবে বাপেক্স নিজেই। ১৩টি করানো হবে বিদেশি কোম্পানির মাধ্যমে। জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, এই ১৩টি কূপ খননের জন্য বিদেশি কোম্পানির কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। গত ৩১ জানুয়ারি আগ্রহপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচটি কোম্পানি আগ্রহপত্র দিয়েছে। এগুলোর মূল্যায়ন করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র বলেছে, বিদেশি কোম্পানির মাধ্যমে ১৩টি কূপ খনন করানো হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’-এর অধীনে। ওই ১৩টি কূপ এলাকা ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। কোম্পানিগুলোকেও তিনটি গ্রুপে ভাগ করে কোন গ্রুপ কোন এলাকার কূপের জন্য আগ্রহপত্র দিতে পারবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ও তৃতীয় গ্রুপে দুটি করে এবং দ্বিতীয় গ্রুপে একটি কোম্পানি আগ্রহপত্র জমা দিয়েছে।

আগ্রহপত্রগুলো মূল্যায়নের পর জ্বালানিসচিবের নেতৃত্বাধীন কমিটিতে (পিপিসি) উপস্থাপন করা হবে। এরপর তা যাবে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। সেখানকার সিদ্ধান্ত পাওয়া গেলে কার্যাদেশ দেওয়া এবং মাঠে কাজ শুরু করার পর্যায় আসবে। এই বছরের শেষ নাগাদ তা শুরু হতে পারে। দুই বছরের ক্র্যাশ প্রোগ্রামের এই কাজগুলো স্থলভাগে পরিচালিত হবে।

অন্যদিকে সমুদ্র বিজয়ের পর প্রায় পাঁচ বছর কেটে গেলেও সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধান বলতে গেলে শুরু হয়নি। দেশের সমগ্র সমুদ্র অঞ্চলে ‘মাল্টি ক্লায়েন্ট সার্ভে’ নামে যে জরিপ চালিয়ে তেল-গ্যাস পাওয়ার প্রাথমিক সম্ভাবনা নিরূপণের উদ্যোগ সরকার নিয়েছিল, তা-ও এখনো শুরু হয়নি।

তবে ভারতের ওএনজিসি সমুদ্রবক্ষের দুটি ব্লকে (এসএস-৪ ও এসএস-৯) জরিপের কাজ শুরু করেছে। তাতে এসএস-৪ নম্বর ব্লকের অধীন মহেশখালী এলাকায় তাঁরা একটি অনুসন্ধান কূপ খননের স্থান নির্ধারণ করেছে। সেখানে যে কূপটি খনন করা হবে, সেটির নাম দেওয়া হয়েছে ‘কাঞ্চন-১’। সূত্র বলেছে, এই বছরের মধ্যেই কূপটির খনন শেষ করা হবে।

এ ছাড়া অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস এনার্জি সাঙ্গু ক্ষেত্রের মগনামায় কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এসব উদ্যোগ থেকে ফল পেতে বেশ কিছুটা সময় লাগবে।

দেশে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুরু করতেও আরও প্রায় দুই বছর লাগবে।

জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম বলেন, দেশের জ্বালানি সম্পদের ব্যবহার বাড়াতে না পারলে জ্বালানি ঘাটতি মিটবে না। কম দামে বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহও অসম্ভব হবে। তাই গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে। প্রয়োজনে সমুদ্রের মতো স্থলভাগে অনুসন্ধানেও বাপেক্সের পাশাপাশি বিদেশি কোম্পানি নিয়োগ করতে হবে। তাঁর মতে, গ্যাসের অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি নিজস্ব কয়লার ব্যবহার বাড়ানোরও পদক্ষেপ নিতে হবে।