দেশে আট বছরে বিজ্ঞানের শিক্ষার্থী কমেছে ৩১ দশমিক ৩৩ শতাংশ। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানশিক্ষা-বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগে পরিচালিত ওই প্রতিবেদন গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০০১ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার্থী ছিল দুই লাখ ৬৪ হাজার ১০০ জন; আর ২০০৮ সালে একই বিভাগে পরীক্ষার্থী কমে দাঁড়িয়েছে এক লাখ ৭৬ হাজার ৮৮০ জনে।প্রতিবেদনে বলা হয়, মূলত ব্যবসায়ী, কৃষিজীবী ও চাকরিজীবী অভিভাবকদের সন্তানেরা বিজ্ঞানে পড়ছে। গবেষণায় দেখা গেছে, প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী বলেছে বিজ্ঞানের পর্যাপ্ত শিক্ষক না থাকার কথা। আর প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বলেছে, বিজ্ঞানে পড়লে বিদ্যালয়ের বাইরে প্রাইভেট পড়া জরুরি হয়ে পড়ে; তবে ৫৭ শতাংশ শিক্ষার্থী বর্তমানে প্রাইভেট পড়ে বলে জানিয়েছে। ৪৩ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট পড়ে না। এদের মধ্যে ২৭ শতাংশ আর্থিক অস্বচ্ছলতার কথা জানিয়েছে।গবেষণায় বলা হয়, ৫৬ দশমিক ৬ শতাংশ শিক্ষক জানিয়েছেন যে বিজ্ঞানের পর্যাপ্ত শিক্ষক নেই। ৮১ দশমিক ৮ শতাংশ শিক্ষক বলেছেন, বিজ্ঞান বিষয়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা উচিত।দেশের সাতটি বিভাগের সাতটি জেলার নির্বাচিত ২০টি করে বিদ্যালয় থেকে গবেষণার তথ্য সংগ্রহ করা হয়। প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, কলা ও বাণিজ্য নিশ্চয়ই পড়তে হবে, কিন্তু বিশ্বায়নের যুগে বিজ্ঞান না পড়লে বেশি দূর এগোনো যাবে না।ফ্রিডম ফাউন্ডেশনের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সিরাজুল ইসলাম খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি সারওয়ার জাহান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ।