আট বছরে সবচেয়ে খারাপ ফল দিনাজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর পাসের হার ৬৫ দশমিক ৪৪। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৪। এ বছরের ফলাফল শিক্ষা বোর্ডটির গত আট বছরের ফলাফল পরিসংখ্যানে সর্বনিম্ন। 

দিনাজপুর শিক্ষা বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়ার পর এ বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সে বছর পরীক্ষায় পাসের হার ছিল ৫৫ দশমিক ৯০। পরের বছরই এর ফলাফল ছিল ৬৭ দশমিক ৫৪। এ কয়েক বছরে ২০১১ সাল ছাড়া পাসের হার কোনো বছরই ৭০-এর নিচে নামেনি। বোর্ডের সর্বোচ্চ ফলাফল ছিল ২০১২ সালে—৭৫ দশমিক ৪১ শতাংশ।
এ বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭ হাজার ১৮৩ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, বোর্ডে এ বছর শিক্ষার্থী ফেল করেছে মোট ৩8 হাজার ২১১ জন। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাই হচ্ছে ২৩ হাজার ৪৩৯ জন। এই এক বিষয়ে ফেল করা শিক্ষার্থী বেশি হওয়ার কারণে পাসের হার কমে গেছে—যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। যদি সংশ্লিষ্ট বিষয়ে তারা পাস করত, তবে এত ফেল হতো না।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, ‘কলেজ শাখা কলেজ ঠিকমতো মনিটরিং করছে না, অথচ ফলাফল খারাপ হলে জবাব দিতে হয় পরীক্ষা শাখাকে। কলেজ শাখা ও পরীক্ষা কমিটি যদি সমন্বয় করে কাজ করতে পারতাম, তবে ফল ভালো করানো সম্ভব হতো। ফলাফল খারাপ জেনেও আমি ওই প্রতিষ্ঠানকে কিছু বলতে পারি না। কারণ বলার দায়িত্ব কলেজ শাখার। তারা জবাবদিহি করে প্রশাসন শাখার কাছে।’
বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর গণিতে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এরপর আছে ইংরেজি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের এ ফল বিপর্যয়ের কারণ হিসেবে কলেজ পরিদর্শক মো. ফারাজ উদদীন তালুকদার অভিযোগ অস্বীকার করে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আমার দায়িত্ব ঠিকমতোই পালন করি। পরীক্ষার আগের দিনেও অনেক পরীক্ষার্থীকে ফরম পূরণ করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এভাবে চললে পরীক্ষার ফল বিপর্যয় ঘটবেই। তা ছাড়া বেশ কিছু কলেজে মাত্র একজন করে শিক্ষার্থী আছে। এসব কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিধান নিয়েও তিনি প্রশ্ন তোলা যায়।’
প্রশাসনিকভাবে একাডেমিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শিক্ষা বোর্ডের গাফিলতি ও দুর্বলতা আছে বলে জানান ফারাজ উদদীন।