এডিআর: নিষ্পত্তি ১৮৭২ বিরোধ, আদায় প্রায় দুই কোটি টাকা
আট বছরে সরকারি আইনিসেবা পেয়েছে ২ লাখ মানুষ
গত আট বছরে ১ লাখ ৯৬ হাজার ৭২৩ জন ব্যক্তি সরকারি আইনি সহায়তা পেয়েছেন। এর মধ্যে রয়েছে আইনি পরামর্শ, আদালতে মামলা পরিচালনা, শ্রমিক সহায়তা, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি ও তথ্যসেবা।
দেশের ৬৪টি জেলা কমিটির মাধ্যমে এই সময়ে মামলায় সরকারি আইনি সহায়তা নিয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫৪ ব্যক্তি। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তথ্য অনুসারে, এর মধ্যে ৭৭ হাজার ৭৯৮ জন নারী, ৭০ হাজার ১৭৯ জন পুরুষ ও ৩৭৭টি শিশু এই সেবা নিয়েছে।
অসহায় ও অসচ্ছলদের আইনি সহায়তা দিতে সরকারি এই আইনি সেবা কার্যক্রমে এখন বিকল্প পদ্ধতিতে (এডিআর) মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্বও বাড়ছে। সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায়, গত এক বছরে ১ হাজার ৮৭২টি বিরোধ (মামলা ও বিরোধ) বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে, যার সুবিধাভোগী ১ হাজার ৫৯৪ ব্যক্তি। সেবা নিতে আসা এসব ব্যক্তির এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়।
ভিক্ষাবৃত্তিতে যুক্ত রাজশাহীর বাসিন্দা আনেছা বেওয়া নামের এক নারী অপর এক নারীকে কয়েক দফায় ৬ হাজার টাকা দেন। বছর দুই আগে দেওয়া ওই টাকা ফেরত পেতে মামলা করতে আদালতে যান। সেখানে এক আইনজীবীর মাধ্যমে জানতে পারেন লিগ্যাল এইড সেবার কথা। এ অবস্থায় মামলা না করে রাজশাহী লিগ্যাল এইড অফিসে গিয়ে জুলাইয়ে অভিযোগ করেন। পরে বিকল্প পদ্ধতিতে বিরোধটি নিষ্পত্তি হয় ও অর্থ ফেরত পান রাজশাহীর আনেছা বেওয়া।
আইনি সহায়তায় এডিআর: রাজশাহীর বাইরে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুরসহ কয়েকটি জেলায় এখন বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম চলছে। অসহায় ও দরিদ্রদের সরকারিভাবে আইনগত সহায়তা দিতে ২০০০ সালের জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনের ২২ ক ধারা অনুসারে গত বছরের ৯ ফেব্রুয়ারি আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা করা হয়। বিধিমালার আলোকে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে গত জুলাই থেকে এডিআরের কার্যক্রম শুরু হয়।
বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব ও অগ্রগতি: সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এডিআর হচ্ছে প্রচলিত বিচারব্যবস্থার বাইরে আইনগত প্রক্রিয়া মাধ্যমে পক্ষগুলোকে নিয়ে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি। এর ফলে মামলা জট কমে, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের নিষ্পত্তি হয় ও সময় বাঁচে। ২০১৪ সালের জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা অনুসারে সুপ্রিম কোর্টে কোনো মামলায় আইনগত সেবা পেতে হলে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির বার্ষিক গড় আয় দেড় লাখ এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে ১ লাখ টাকার ঊর্ধ্বে হবে না।
জনবলের অভাব, অপ্রতুল যন্ত্রপাতি: সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিআর কার্যক্রম বর্তমানে ২৩টি জেলায় পরিচালিত হচ্ছে। সহায়ক জনবলের অভাবে অপর ৪১ জেলায় কার্যক্রম পুরোদমে শুরু করা যায়নি। এ অবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যক্রম পরিচালনার জন্য ১৯২টি পদ সৃজন ও অফিস সরঞ্জামাদি অনুমোদন বিষয়ে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এডিআর কার্যক্রম পরিচালনার জন্য ৬৪টি বেঞ্চ সহকারী ও ১২৮ জন জারিকারকের পদ সৃজন এবং ৬৪টি কম্পিউটার ও ১২৮টি বাইসাইকেলের (জারিকারক) প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
শ্রমিকদের সহায়তায়ও সাড়া: সরকারি খরচে আইনি সহায়তার এই কার্যক্রমে ২০১৩ সাল থেকে শ্রমিকদের সহায়তা দিতে সেল খোলা হয়। সূত্র জানায়, ২০১৩ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নারী-পুরুষসহ মোট ৩ হাজার ৪৯৬ জন আইনি সেবা নেন। এই সেবার মধ্যে রয়েছে মৌখিক পরামর্শ, নোটিশ ইস্যু, নোটিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, হটলাইন সেবা, শ্রম আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তি।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সিনিয়র জেলা জজ মালিক আবদুল্লাহ আল আমিন বলেন, সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারককে লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়। লিগ্যাল এইড অফিসের বিচারক আবেদনের পরিপ্রেক্ষিতে বা আদালত থেকে মামলা পাঠানোর ভিত্তিতে মামলা করার আগে এবং চলমান মামলায় মধ্যস্থতার মাধ্যমে সফলভাবে নিষ্পত্তি করতে সক্ষম হচ্ছেন। তবে এ সেবার পরিধি আরও বাড়াতে ও গুণগত সেবা নিশ্চিত করতে জনবল বৃদ্ধি জরুরি।
সংস্থার এক কর্মকর্তা বলেন, সহজতর উপায়ে আইনি সেবা দেওয়ার উদ্দেশ্যে সরকার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় হেলপ লাইন কলসেন্টার প্রতিষ্ঠা করেছে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে। ফলে সারা দেশের মানুষ যেকোনো প্রান্ত থেকে ১৬৪৩০ নম্বরে ফোন করে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।