আট বছরেও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে জয়পুরহাটের আক্কেলপুর মুজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজের কার্যক্রম। কলেজ পরিচালনা কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়া আটকে রয়েছে বলে জানা গেছে।কলেজ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ খাইরুল ইসলাম ২০০৫ সালের ৩০ জুন অবসরে যান। তখন উপাধ্যক্ষ আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০১১ সালের ১৬ জানুয়ারি দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। ওই বছরের ১৭ জানুয়ারি থেকে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ওই পদে এখনো তিনি বহাল রয়েছেন।জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফা পদাধিকারবলে কলেজের সভাপতি নিযুক্ত হন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে কলেজের প্রতিষ্ঠাতা শহীদ মজিবর রহমানের একমাত্র মেয়ে ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা তাঁকে সভাপতি হিসেবে মেনে নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।আর ওই দুজনের দ্বন্দ্বের কারণে কলেজে অধ্যক্ষ নিয়োগে চারবার বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা স্থগিত করা হয়। চলতি বছর চতুর্থবারের মতো অধ্যক্ষ নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৪ মে জয়পুরহাট মহিলা কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই নিয়োগ বন্ধের দাবিতে মাহফুজা সুলতানার নেতৃত্বে পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ কারণে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে যায়। মাহফুজা সুলতানা অভিযোগ করেন, স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে কলেজের উন্নয়ন থেমে গেছে। সাংসদ গোলাম মোস্তফা বলেন, এ কলেজে আগে কয়েকজন ব্যক্তি ভর্তি ও নিয়োগবাণিজ্য করেছে। তিনি কলেজের সভাপতি হওয়ার পর ওই ব্যক্তিরা সেই সুযোগ পাচ্ছেন না। এ কারণে কিছু লোক তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।