আট বছরেও অনুমোদন পায়নি প্রকল্পটি ভাঙছে নদী
আট বছরেও অনুমোদন পায়নি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের ভাঙন প্রতিরোধ প্রকল্প। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয় থেকে দুবার এ প্রকল্প তৈরি করা হলেও তা বাস্তবায়িত হয়নি। এতে ভাঙছে নদী, বাড়ছে ক্ষতি। লক্ষ্মীপুর পাউবোর বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালে তিন কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে দুই হাজার ৫০০ হেক্টর জমিতে সেচসুবিধা প্রদানের জন্য হাজিমারা-চররমণী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। নির্মাণের শুরুতে বেড়িবাঁধ থেকে এক কিলোমিটার দূরে মেঘনার অবস্থান ছিল। তখন নদীভাঙনের লক্ষণ ছিল না। ২০০৫ সালে চরলক্ষ্মী গ্রাম এলাকায় মেঘনা নদীর ভাঙন শুরু হয়। নদীভাঙনের শুরুতে ভাঙন প্রতিরোধের জন্য পাউবোর লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয় থেকে ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করা হয়। তা অনুমোদনের জন্য ওই বছরের শেষ দিকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু আট বছর পার হলেও প্রকল্পটি অনুমোদন হয়নি। নদীভাঙন অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে হাজিমারা-চররমণী বেড়িবাঁধটি মেঘনা নদীর গর্ভে চলে যাতে পারে। ইতিমধ্যে ভাঙনের পরিধি বেড়ে যাওয়ায় ভাঙন প্রতিরোধসহ প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ওই দপ্তর থেকে আবার ২০০৭-০৮ অর্থবছরের সাত কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, স্থানীয় সাংসদ ও সরকারের অনেক কর্মকর্তা সরেজমিন এসে নদীভাঙনের চিত্র দেখেছেন। কিন্তু ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় এ পর্যন্ত ছয়-সাত বছরে প্রায় ২০০ একর আবাদি জমি ও শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। হারুনুর রশিদ হাওলাদার আরও জানান, ভাঙনে চরকাছিয়া গ্রাম তলিয়ে গেলে ভূমিহীন হয়ে পড়বে কমপক্ষে ১০ হাজার মানুষ। এ ছাড়া চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধটি নদীভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে। লক্ষ্মীপুর পাউবোর বিভাগীয় প্রকৌশলী এ টি এম খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ভাঙন প্রতিরোধ প্রকল্প অনুমোদন না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।