আট বছরেও চালু হয়নি অন্তর্বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট বছরেও চালু হয়নি অন্তর্বিভাগ। এ কারণে এলাকাবাসী জরুরি চিকিৎসাসেবা পাচ্ছেন না। তাঁদের যেতে হয় প্রায় ১৭ কিলোমিটার দূরে সদর হাসপাতালে।
গত ২২ সেপ্টেম্বর ভোরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের শেখ মঈন উদ্দিন (৭০) হৃদ্রোগে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তর্বিভাগ চালু না থাকায় তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। তাঁর স্বজনেরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া গেলে হয়তো তাঁকে বাঁচানো যেত।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলা ভবনের নির্মাণকাজ ২০০৬ সালে শেষ হয়। ২০০৮ সালের ৩০ অক্টোবর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। এরপর সেখানে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল পদায়ন ও আসবাব সরবরাহ করা হয়। ৬ জন চিকিৎসক, ১১ জন নার্স ও ৬৪ জন কর্মচারী রয়েছেন। বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হলেও অন্তর্বিভাগের চিকিৎসা কার্যক্রম এখনো চালু হয়নি। কাজ না থাকায় ৬ জন নার্স বর্তমানে সদর হাসপাতাল ও বরিশাল আধুনিক হাসপাতালে প্রেষণে কর্মরত রয়েছেন। এক্স-রে যন্ত্র নেই। আল্ট্রাসনোগ্রাম যন্ত্রটি তিন বছর ধরে বিকল হয়ে আছে।
কর্তব্যরত চারজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, অন্তর্বিভাগ চালু না হওয়ায় রোগীদের জন্য সরকারি কোনো ওষুধ বরাদ্দ নেই। জরুরি বিভাগে রোগীদের দোকান থেকে ওষুধ কিনে চিকিৎসা দিতে হচ্ছে। গুরুতর অসুস্থ ও জখম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠাতে হয়। এ ছাড়া এখানে গাইনি চিকিৎসক নেই। এ কারণে জরুরি প্রসূতিসেবা দেওয়া যাচ্ছে না।
ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকিল আহমেদ খান বলেন, প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর কুমার ঘোষ বলেন, ওষুধসহ আনুষঙ্গিক বরাদ্দ না পাওয়ায় অন্তর্বিভাগ চালু করা যাচ্ছে না।
সিভিল সার্জন ফখরুল আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ চালুর জন্য প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। স্থানীয় সাংসদ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে ওষুধ বরাদ্দ ও অন্তর্বিভাগ চালুর জন্য চিঠি দিয়েছেন। আশা করা যাচ্ছে, শিগগিরই অন্তর্বিভাগ চালু করা যাবে।