আট বছরেও চালু হয়নি জরুরি প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ৫০ শয্যার হাসপাতাল ভবনটি উদ্বোধনের আট বছর পেরিয়ে গেলেও সেখানে এখনো চালু হয়নি জরুরি প্রসূতিসেবাসংক্রান্ত (ইওসি) কার্যক্রম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভবনটিতে আধুনিক অস্ত্রোপচার কক্ষসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জামের ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্লাড ব্যাংক এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলের অভাবে ওই সেবা চালু করা হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, ২০০২ সালে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার উদ্যেগ নেওয়া হয়। এ জন্য তিন কোটিরও বেশি টাকায় একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ১ আগস্ট হাসপাতাল ভবনটি উদ্বোধন করা হয়। ভবনটির দ্বিতীয় তলায় জরুরি প্রসূতিসেবার (ইওসি) জন্য একটি আধুনিক অস্ত্রোপচার কক্ষ এবং প্রসূতিদের অস্ত্রোপচারের জন্য অত্যাধুনিক ‘অটোক্লেভ মেশিন’, ‘হাইড্রোলিক ওটি টেবিলসহ অন্যান্য যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল সংকট এবং ব্লাড ব্যাংক না থাকায় হাসপাতালটিতে আজ পর্যন্ত জরুরি প্রসূতিসেবাসংক্রান্ত কার্যক্রম চালু হয়নি।
প্রতি মাসেই জরুরি প্রসূতিসেবা নিতে নারীরা হাসপাতালটিতে ভিড় করেন। কিন্তু সেখানে ইওসি কার্যক্রম চালু না থাকায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হয়। গত নয় মাসে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে অন্যত্র পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের কয়েকজন সেবিকা জানান, ইওসি সেবা চালু না থাকায় বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা নারীদের ময়মনসিংহে কিংবা অন্যত্র পাঠাতে হচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দরিদ্র নারীরা।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী বলেন, ‘হাসপাতালে ইওসি সেবা চালু না হওয়ায় প্রসবসংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে এলেই তাঁদের ময়মনসিংহ, নেত্রকোনা কিংবা কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে তাঁদের ভোগান্তির পাশাপাশি অনেক অর্থও খরচ হচ্ছে। তাই জনস্বার্থে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ইওসি সেবা চালু করা দরকার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ কুদ্দুছ বলেন, সম্প্রসারিত ৫০ শয্যার এই হাসপাতালে ইওসি-সেবা চালু করার জন্য সব ধরনের সরঞ্জাম থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলের অভাব এবং ব্লাড ব্যাংক না থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছে না। বিষয়টি স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার বলেন, ‘হাসপাতালের এ সমস্যাগুলোর বিষয়ে খুব শিগগির স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করব।’