আট বছরেও রাজশাহী সিটি করপোরেশনের নির্মাণাধীন বাণিজ্যিক ভবন স্বপ্নচূড়া ও দারুচিনি প্লাজার নকশা অনুমোদন হয়নি। যদিও ২০০৯ সালে ভবন দুটির নির্মাণকাজ শুরু হয়েছিল। ৩৬ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
এদিকে দারুচিনি প্লাজার নির্মাণকাজ চলছে ঢিমেতালে। স্বপ্নচূড়ার নির্মাণকাজ বন্ধ প্রায় বছরখানেক। তা ছাড়া কাগজ-কলমে এই ভবনের জমির মালিক এখনো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ভবন দুটির নির্মাণকাজ শুরু হয়। রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজার এলাকায় ৬৭ দশমিক ৫ কাঠায় দারুচিনি প্লাজা এবং নতুন সিটি ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে ৩১ কাঠা জমিতে স্বপ্নচূড়া প্লাজা নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের দায়িত্বে রয়েছে শামসুজ্জামান জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী আটতলাবিশিষ্ট দুটি ভবনের ২৮ শতাংশ পাবে রাজশাহী সিটি করপোরেশন। বাকি ৭২ শতাংশ পাবে নির্মাণকারী প্রতিষ্ঠান।
আরডিএ সূত্রে জানা গেছে, সাততলার বেশি হওয়ায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সিটি সেন্টারের স্থাপত্যিক নকশা ছাড়াও কাঠামো নকশা অনুমোদন করাতে হবে। স্থাপত্যিক নকশা করবে একজন স্থপতি আর কাঠামোর নকশা তৈরি করবে একজন প্রকৌশলী। এই ভবন দুটির নকশা অনুমোদনের জন্য আরডিএতে জমা দেওয়া হয়েছে। কিন্তু নগরের কোন মৌজায়, কোন দাগের ওপরে ভবন দুটি নির্মিত হবে, তা উল্লেখ করা হয়নি। বলা হয়নি জমির পরিমাণও।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিটি ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে স্বপ্নচূড়া প্লাজার জমির কাগজপত্রে মালিক ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ নিয়েও জটিলতা রয়েছে। এখনো রাজশাহী সিটি করপোরেশন জমির মালিকানা বুঝে নিতে পারেনি।
জানতে চাইলে আরডিএর অথরাইজ অফিসার আবুল কালাম আজাদ বলেন, দুটি ভবনের জমির মৌজা, দাগ নম্বর ও পরিমাণ উল্লেখ করা হয়নি। এ জন্য ভবনগুলোর নকশা অনুমোদন করা সম্ভব হয়নি। নকশা অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করা হলে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ স্থাপনা ভেঙে দিতে পারে অথবা জরিমানা করতে পারে। সিটি করপোরেশনের জমা দেওয়া নকশার ত্রুটিগুলো সংশোধন করার জন্য তিনি ২০১৩ সালে দুটি চিঠি দিয়েছিলেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে স্বপ্নচূড়ার নির্মাণকাজ প্রায় বছরখানেক ধরে বন্ধ রয়েছে। শামসুজ্জামান জেভির পক্ষে কাজটি করছেন ফরিদ উদ্দিন নামের এক ঠিকাদার। গত বুধবার প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে ফরিদ উদ্দিনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক স্বীকার করেন, নিয়ম অনুযায়ী নির্মাণকাজ শুরু করার আগেই ভবনের নকশা অনুমোদন করার কথা। তিনি বলেন, স্বপ্নচূড়া আটতলা পর্যন্ত হওয়ার কথা। এর মধ্যে সাততলা পর্যন্ত করার পর ঠিকাদার আর কাজ করছেন না। তাঁকে দিয়েই কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর দারুচিনির কাজের বেশ অগ্রগতি হয়েছে।
ঠিকাদার ফরিদ উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ওই ঠিকাদার তাঁদের ফোনও ঠিকমতো ধরেন না। তিনি দেউলিয়ার পর্যায়ে চলে গেছেন।