আট বছরেও পূর্ণতা পায়নি ‘মুক্তিমিত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরেও পূর্ণতা পায়নি কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের ‘মুক্তিমিত্র’ স্মৃতিসৌধ। মিত্রবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে নির্মিত সৌধটি এখন রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন আর নানা দেয়াল লিখনে আকীর্ণ। এমনকি স্থানীয় এক ব্যবসায়ী সৌধটির ভেতরে বিদ্যুতের জেনারেটরও বসিয়েছেন।জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর বিকেলে ভারত থেকে মিত্রবাহিনীর একটি ট্যাংকবহর বাংলাদেশের ঝিনাইদহ হয়ে মুক্তিসেনাদের সহযোগিতা করতে কুষ্টিয়া অভিমুখে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চৌড়হাস মোড়ে পাকিস্তানি বাহিনী তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় পাশেই থাকা কুষ্টিয়ার মুক্তিসেনারা মিত্রবাহিনীর সঙ্গে যোগ দেয়। কিন্তু তার আগেই মিত্রবাহিনীর প্রায় ২০০ সেনাসদস্য শহীদ হন। প্রতিরোধযুদ্ধ ও শহীদদের স্মৃতির স্মারক হিসেবে ২০০৩ সালে কুষ্টিয়া শহরতলির চৌড়হাস মোড়ে ফাইটার বিমান ও ট্যাংক স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয় কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ। কুষ্টিয়া পৌরসভা ওই সময় এক লাখ টাকার এককালীন অনুদানও দিয়েছিল।তৎকালীন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও সৌধ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব খন্দকার সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা হাতে নিয়ে ২০০৩ সালের ৩১ মার্চ কাজ শুরু হয়েছিল। সাবেক সাংসদ সোহরাব উদ্দিন এর নির্মাণকাজ উদ্বোধন করেছিলেন। তিনি দাবি করে বলেন, সৌধের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ কবে শেষ হবে বর্তমান কমিটিই তা বলতে পারবে। কারিগর শ্যাম কমল বলেন, আর্থিক সংকটের কারণে সে সময় হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। তিনি মাত্র ৪২ হাজার টাকা পেয়েছিলেন। তবে এখন যদি কম টাকাও দেয় তবুও তিনি কাজটি সম্পন্ন করতে চান।সৌধের নকশাবিদ প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল প্রথম আলোকে বলেন, ‘সে সময় সম্পূর্ণ বিনা পারিশ্রামিকে সৌধটির নকশা করেছিলাম। কাজটি সম্পন্ন না হওয়ায় আমি মর্মাহত।’ নকশা প্রসঙ্গে তিনি বলেন, সৌধের সাতটি দেয়ালের ছয়টিতে প্রত্যেক উপজেলার মুক্তিযোদ্ধাদের নাম খোদাই করে লেখার কথা ছিল। ট্যাংক, বিমানকে আলো দিয়ে এমন কাজ করার কথা যেন সত্যিই ট্যাংক বিমান বলে মনে হবে। বিমানের দুই পাশে ২১ ফুট ও ১৬ ফুট উচ্চতার দুটি স্তম্ভ থাকবে। ২১ ফুট হচ্ছে ফেব্রুয়ারিকে স্মরণ করে তার মাথায় কালো পতাকা ও ১৬ ফুটের ওপরে দুটি হাতের একটিতে বিজয় পতাকা ও আরেক হাতে কবুতর উড়ানোর কথা। তিনি জানান, এটি সম্পন্ন করতে এখন প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। ব্যয় ধরা হয়েছিল সে সময় প্রায় ১৮ লাখ টাকা।বর্তমান মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নাছিমউদ্দিন বলেন, এটি এখন যেমন আছে প্রাথমিকভাবে তেমনই সম্পন্ন করার চেষ্টা করা হবে।