২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার ঘটনায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে করা মামলাটি আট বছরেও নিষ্পত্তি হয়নি। মামলার প্রধান আসামি রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ এবং সাক্ষীদের অনুপস্থিতির কারণে মামলায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে বলে জানা গেছে।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌঁসুলি গিয়াস উদ্দিন জানান, প্রধান আসামি রকিব হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় অসংখ্য মামলা রয়েছে। এ কারণে তাঁকে নির্ধারিত দিনে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। অন্য সাক্ষীরাও আসছেন না। এতে মামলা পরিচালনায় বিঘ্ন হচ্ছে।জানা গেছে, মামলার ৪৬ জন সাক্ষীর মধ্যে বাদী পুলিশের এসআই মোতালেব হোসেন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামানসহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার অন্যতম সাক্ষী তৎকালীন সহকারী কমিশনার আজহারুল ইসলাম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক গোলক চন্দ্র বিশ্বাস গত ১৭ জুলাই এই আদেশ দেন। ১৯ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গা শহরের ছয়টি স্থানে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন তাজা বোমাসহ জেএমবির প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। সদর থানার তৎকালীন এসআই আবদুল মোতালেব বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান তদন্ত শেষে ২০০৭ সালের ৮ মার্চ জেএমবির খুলনা বিভাগীয় প্রধান রকিব হাসান এবং এসহার সদস্য বাগেরহাট জেলার শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।