আট বছরেও মেরামত হয়নি সীমানাপ্রাচীর
আট বছর আগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সরকারি খাদ্যগুদামের (এলএসডি) সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে পড়ে। দীর্ঘদিনেও সেই প্রাচীর মেরামত করা হয়নি। ভেঙে পড়া অংশে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। এর ফলে গুদামের নিরাপত্তাব্যবস্থা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ওই গুদামে প্রায় দুই কোটি টাকার চাল রয়েছে।
ঝিনাইগাতী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮০-এর দশকের গোড়ার দিকে উপজেলা সদরে পাঁচটি সরকারি খাদ্যগুদাম নির্মাণ করা হয়। ১৯৮৩-৮৪ অর্থবছরে গুদামগুলোর নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। ২০০৯ সালের মার্চে সীমানাপ্রাচীরের প্রায় দেড় শ ফুট অংশ ভেঙে পড়ে। ওই অংশ মেরামতের জন্য এলএসডি থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আবেদন করা হয়। কিন্তু আট বছর পরও প্রাচীর পুনর্নির্মাণ বা মেরামত করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, গুদামের সীমানাপ্রাচীরের উত্তর ও পূর্ব পাশের প্রায় দেড় শ ফুট ভেঙে গেছে। সেখানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া গুদামের উত্তর পার্শ্বের সীমানাপ্রাচীরের উচ্চতা ও ঝিনাইগাতী-ধানশাইল সড়কের উচ্চতা প্রায় সমান। প্রাচীর টপকে যে কেউ অনায়াসে গুদামের ভেতর প্রবেশ করতে পারবে।
এ ব্যাপারে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, চার মাস আগে তিনি এখানে যোগ দিয়েছেন। কার্যালয়ের নথিপত্র দেখে তিনি জানতে পেরেছেন, সীমানাপ্রাচীর সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এখানকার সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে পড়ায় গুদাম নিরাপত্তাব্যবস্থা ঝুঁকিতে রয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান খান বলেন, ৬৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ঝিনাইগাতী এলএসডির সীমানাপ্রাচীর সম্পূর্ণ নতুন করে নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব এক মাস আগে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করা যায়, চলতি অর্থবছরে এটির অনুমোদন পাওয়া যাবে। তখন সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে।