আট বছরেও শিক্ষকের পদ সৃষ্টি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে দ্বিতীয় পালা (শিফট) চালুর আট বছরেও শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে প্রেষণে শিক্ষক এনে চলছে পাঠদান।
এ অবস্থায় ২ অক্টোবর সব সরকারি বিদ্যালয়ে প্রেষণে নিয়োগ বাতিলের আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ কারণে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দ্বিতীয় পালার পাঠদান চালু থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল সূত্রে জানা যায়, শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২০০৯ সালের ১২ ডিসেম্বর বিদ্যালয়টিতে দ্বিতীয় পালা চালু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সময় দেশের ৮২টি সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় পালা চালু করা হয়। এর মধ্যে ৮১টি বিদ্যালয়ে দ্বিতীয় পালার জন্য শিক্ষক নিয়োগ করা হলেও শুধু ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে দ্বিতীয় শাখার শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে প্রেষণে মোট ১২ জন শিক্ষক নিয়োগ দিয়ে কোনো রকমে এখানে পাঠদান চালু রাখা হয়েছে। এখন প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পালা এবং সোয়া ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পালার পাঠদান করা হয়।
বিদ্যালয় সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে প্রথম ও দ্বিতীয় পালায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ২১২ শিক্ষার্থী রয়েছে। প্রথম শাখায় ২৬ জন শিক্ষকের চাহিদা থাকলেও আছেন ১৯ জন। একজন সহকারী প্রধান শিক্ষক ও ছয়জন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। দ্বিতীয় পালা চালু হওয়ার পর এ পালার জন্য একজন সহকারী প্রধান শিক্ষক ও ২৫ জন সহকারী শিক্ষকের চাহিদা দেওয়া হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের চাহিদা অনুযায়ী দ্বিতীয় পালার শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর পাঠানো হয়। ২০১১ সালে মহাপরিচালকের কার্যালয় একই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু এত দিনেও এসব পদ সৃষ্টি হয়নি।
ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক বলেন, ‘প্রেষণে নিয়োগ পাওয়া শিক্ষকদের নিয়োগ বাতিলের আদেশটি পাওয়ার পর দ্রুত বাস্তবায়ন করে আমাকে মহাপরিচালক বরাবর জানাতে হবে বলে আদেশে বলা হয়েছে। এ আদেশ বাস্তবায়ন হলে দ্বিতীয় শিফটের পাঠদান বিপর্যয়ে পড়বে। এ অবস্থায় পাঠদান অব্যাহত রাখা নিয়ে আমরা সংশয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ শহরে তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে ভর্তি প্রতিযোগিতা থাকায় অনেক মেধাবী শিক্ষার্থীও ভর্তি হতে পারে না। আমাদের ইচ্ছা ছিল আগামী বছর থেকে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত আরও ৫০০ শিক্ষার্থী বেশি ভর্তি করা। কিন্তু শিক্ষকসংকট থাকলে সেটা সম্ভব হবে না।’
প্রেষণে নিয়োগ করা শিক্ষকদের নিয়োগ বাতিলের আদেশটি অনেক অভিভাবক জেনেছেন। এরপর থেকে তাঁদের মধ্যে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি এক দিন বিদ্যালয় চত্বরে একাধিক অভিভাবকের সঙ্গে কথা হয়। তাঁরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে দ্বিতীয় পালায় শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত আদেশটি স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক এ এস এম আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দ্বিতীয় পালায় শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ার বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। এই বিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ বাতিলের আদেশ স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় শাখায় পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগে অনুরোধও করা হয়েছে।