আট বছর আগে শুরু হয়ে আজও শেষ হয়নি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ। এর মধ্যে চার বছর ধরে একেবারেই বন্ধ রয়েছে কাজ। চিকিৎসক থাকলেও অবকাঠামো না থাকায় উপজেলার বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে ৪ ডিসেম্বর সকালে দেখা গেছে, দক্ষিণমুখী তিনতলা স্বাস্থ্য কমপ্লেক্সটির মূল ভবনে পলেস্তারা দেওয়া হয়নি। পিলারের ওপর নির্মিত ভবনের নিচে পর্যাপ্ত মাটি নেই। মূল ভবনের দুই পাশে থাকা আরও সাতটি ভবনের নির্মাণকাজও সম্পন্ন হয়নি। সেগুলোর দেয়ালে শ্যাওলা, ফাঁকফোকর দিয়ে উঁকি দিচ্ছে পরজীবী বট-পাকুড়। সীমানাপ্রাচীর না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চরছে গরু-ছাগল।
স্থানীয় বাসিন্দা এ টি এম শামসুল হুদা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির নির্মাণকাজ শুরুর পর চারটি সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তবুও হাসপাতালের কাজ শেষ হলো না।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে ৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে ছয় একর জায়গায় ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়। রাজধানী ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম এন্টারপ্রাইজ কাজটি পায়। ওই বছরের ৭ ডিসেম্বর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ২০০৮ সালের ৬ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। ওই ১৮ মাসে কাজের মেয়াদ তিন দফা বাড়ানো হয়। সর্বশেষ ২০১১ সালের জুনে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু ঠিকাদার কাজ অসমাপ্ত রেখেই পাঁচ কোটি ১৬ লাখ টাকার বিল তুলে চলে যায়। এখনো হাসপাতালের ২৮ শতাংশ কাজ বাকি।
এম এম এন্টারপ্রাইজের ঠিকাদার ফরিদ আহমেদ বলেন, জলাবদ্ধতা, পুকুর নিয়ে মামলা, মাটি কাটতে স্থানীয় লোকজনের বাধা এবং জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সময়মতো কাজ শেষ করা যায়নি।
সিভিল সার্জন মুজিবুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২৮ জন চিকিৎসক রয়েছেন। কিন্তু অবকাঠামো না থাকায় তাঁরা ঠিকমতো সেবা দিতে পারছেন না।
স্বাস্থ্য অধিদপ্তর কুমিল্লার সহকারী প্রকৌশলী শওকত মুহিবুর রব বলেন, হাসপাতালের মূল ভবন ও তিনটি আবাসিক কোয়ার্টারের নির্মাণকাজ আবার শুরুর জন্য চার কোটি ৪০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হবে। আগের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।