আট বছরেও শেষ হয়নি সেতুর কাজ

আট বছর কেটে গেলেও ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সিরাজপুরের কালীগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ হয়নি। সেতুর অভাবে এই দুই উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০০৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডির) অর্থায়নে প্রায় ছয় কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে কালীগঙ্গা নদীর ওপর পাড়াগ্রাম সিরাজপুর সেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২৪০ দশমিক ১২৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণের জন্য সময় দেওয়া হয় ৩৬ মাস। প্রথম দফায় শ্রাবন্তী ট্রের্ডাস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। যথাসময়ে কাজ শুরু করতে না পারায় তাদের বাতিল করে দেওয়া হয়। ২০১১ সালে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করলে ইস্টল্যান্ড ইঞ্জিনিয়ার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই বছরের ৮ মে কার্যাদেশ পায়।
ইস্টল্যান্ডের মালিক খলিলুর রহমান বলেন, প্রথম দুই বছর অর্থ সংকটের কারণে কাজ ধীরগতিতে চলেছে।
২০১৩ সালের ৭ মে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে আরও ১৮ মাস সময় বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। তিন বছরে পারেননি এ অল্প সময়ে কী করে শেষ করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশি শ্রমিক নিয়োগ করে আশা করছি বর্ধিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে।’
সরেজমিনে দেখা যায়, কাজ শুরুর আট বছর পরও মাত্র চারটি খুঁটি নিয়ে যাত্রা শুরু করেছে সেতুটি। কাজ শেষ না হওয়ায় দুই উপজেলার কয়েক লাখ লোকের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীর দুই পারে পাড়াগ্রাম ও সিরাজপুর দুটি বড় হাটে কেনাবেচা করতে বিভিন্ন ইউনিয়নের লোকজন ছোট ছোট নৌকায় পার হন।
পাড়াগ্রামের বাসিন্দা সাদের হোসেন বলেন, সেতুটি হলে ঢাকার সঙ্গে যোগাযোগ খুব সহজ হবে। প্রতিদিন ঢাকা গিয়ে অফিস করাও সম্ভব হবে। সিঙ্গাইরের বাসিন্দা শাজাহান অভিযোগ করে বলেন, ঠিকাদার ও প্রকৌশলীদের গাফলতির কারণে সেতুর কাজ ধীরগতিতে হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, বর্ধিত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করতে পারবে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঠিকাদারের গাফলতির প্রমাণ পেলে কর্তৃপক্ষ নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ শেষ করার চিন্তাভাবনা করছে।