আট বছরেও সংস্কার হয়নি সড়ক, ভোগান্তি

আধা কিলোমিটার দীর্ঘ সড়কে পিচঢালাই নেই বললেই চলে। ইট-সুরকি উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আট বছর সংস্কার না হওয়ায় এমনই পরিস্থিতি কুমিল্লা শহরতলির অশোকতলা রেলগেট থেকে দৌলতপুর টিঅ্যান্ডটি চৌমুহনী মোড় পর্যন্ত মুক্তিযোদ্ধা আবদুর রহমান সড়কের। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আদর্শ সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অশোকতলা রেলগেট থেকে দৌলতপুর চৌমুহনী পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৫৬০ মিটার। এটি মুক্তিযোদ্ধা আবদুর রহমান সড়ক নামে পরিচিত। এ সড়ক দিয়ে প্রতিদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কোটবাড়ী, কুমিল্লা শহর এবং বিসিক শিল্পনগরীর অন্তত এক লাখ মানুষ যাতায়াত করেন। গত আট বছরে সড়কটিতে কোনো ধরনের সংস্কারকাজ হয়নি।
স্থানীয় লোকজন জানান, মুক্তিযোদ্ধা আবদুর রহমান সড়ক যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির পিচঢালাই উঠে গেছে। এর মধ্যে অশোকতলা রেল মসজিদ, ভিক্টোরিয়া কলেজ ফটক ও ছায়াবিতান আবাসিক এলাকায় বড় আকারের গর্ত রয়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি জমে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ছায়াবিতান এলাকার বাসিন্দা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম ্রথম আলোকে বলেন, প্রতিদিন কাদাপানির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। তিনি আক্ষেপ করে বলেন, বর্ষাকালে এটি যেন কাঁচা সড়কে পরিণত হয়।
এ সড়ক দিয়ে প্রতিদিন বাচ্চাকে বিদ্যালয়ে নিয়ে যান দৌলতপুর ছায়াবিতান এলাকার বাসিন্দা তাসলিমা আক্তার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল। কিন্তু দেখার যেন কেউ নেই। আমাদের ভোগান্তিও যাচ্ছে না।’
কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ফেরদৌস জাহান বলেন, ‘যানজট এড়ানোর জন্য বিকল্প হিসেবে ওই সড়ক ব্যবহার করি। এ সড়কে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। বৃষ্টি হলে এ সড়ক দিয়ে হাঁটাই দায় হয়ে পড়ে।’
কুমিল্লা বিসিক শিল্পনগরীতে যাতায়াতের প্রধান সড়ক এটি। স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বড় ট্রাকে মালপত্র নেওয়া যায় না। এ জন্য খরচ বাড়ছে। ব্যবসায়ীরাও বিপাকে রয়েছেন।
এলজিইডির আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার প্রথম আলোকে জানান, সড়কটি সংস্কারে গত এপ্রিলে ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়েছিল। পরে এর দুই পাশে গাইড ওয়াল করার সিদ্ধান্ত হয়। এ জন্য প্রকল্পটি স্থগিত করা হয়। আগামী জুলাইয়ে নতুন করে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পেলে সড়কের সংস্কারকাজ শুরু হবে।