কীটনাশকের শিশি, বোতল ও প্যাকেটের গায়ে জনসচেতনতামূলক কথা লেখা নিয়ে সরকারের একাধিক মন্ত্রণালয় ও দপ্তর চিঠি চালাচালি করছে ২০০৪ সাল থেকে। লাল কালিতে ‘কীটনাশক মাত্রই বিষ, এর ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর’ কথাগুলো লেখার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না তারা।২০০৪ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষিসচিবকে দেওয়া এক চিঠিতে বলা হয়, বাংলাদেশে কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা অত্যন্ত নিম্ন পর্যায়ে। তাই কীটনাশকের যথেচ্ছ ব্যবহার হ্রাস করা ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য কীটনাশকের শিশি, বোতল ও প্যাকেটের গায়ে ‘কীটনাশক মাত্রই বিষ, এর ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর’ লেখা বাধ্যতামূলক করা যেতে পারে।চিঠিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলে, খেতখামারে কীটনাশক হিসেবে যে বিপুল পরিমাণ বিষ প্রয়োগ করা হয়, তাতে ফসল, মাটি ও পানীয় জল বিষাক্ত হয়। খাদ্যশস্যের মাধ্যমে এই বিষ মানুষ ও পশুপাখির শরীরে প্রবেশ করে। এতে জীবন ও জীববৈচিত্র্যের হুমকি বাড়ছে। কাগজপত্রে দেখা যায়, ২০০৬ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ও একই ধরনের মত পোষণ করে।খোঁজ নিয়ে জানা গেছে, নাটোরের ‘পক্ষীকুলের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প’ নামের একটি সংগঠনের সমন্বয়কারী যশোধন প্রামাণিক ২০০৪ সালে কৃষি, পরিবেশ ও বন এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দেন। চিঠিতে তিনি বলেন, শিশি, বোতল ও প্যাকেটের গায়ে ‘কীটনাশক মাত্রই বিষ, এর ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর’ কথাগুলো লিখলে মানুষ সচেতন হবে।তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কীটনাশক নিয়ন্ত্রণ কমিটি এর বিরোধিতা করছে। ২০১২ সালে কৃষিসচিবকে লেখা কমিটির পক্ষ থেকে বলা হয়, লাল কালিতে ওই ধরনের কথা লেখা বিধিসম্মত হবে না।অন্যদিকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ারেস কবীর কৃষিসচিবকে লিখেছেন, ‘কীটনাশক মাত্রই বিষ, এর ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর’ কথা লিখলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি বা কীটনাশক বিষয়ে দেশি আইনের পরিপন্থী হবে না। যশোধন প্রামাণিক প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে কীটনাশকের কারণে মৃত্যুর খবর মানুষকে নাড়া দিয়েছে। অথচ এ বিষয়ে মানুষের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। তিনি বলেন, কথাগুলো লিখলে কারও কোনো ক্ষতি নেই। কিন্তু আপামর মানুষের লাভ আছে।