আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় আট বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য এক প্রতিবেশীকে দায়ী করেছে শিশুটির পরিবার।
পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন আকবরপাড়ার বাসিন্দা শিশুটির মা জানান, স্থানীয় এক পোশাক কারখানায় তিনি শ্রমিক হিসেবে কাজ করেন। সোমবার মেয়েকে একা বাসায় রেখে অন্য দিনের মতো কাজে গিয়েছিলেন। কাজ শেষে রাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তাঁর মেয়েটি কাঁদছে। পরে সে তার মাকে জানায় এক প্রতিবেশী মেয়েটিকে মুখ চেপে ধরে নির্যাতন করেছে।
হাসপাতালে আনার পর তার সব ধরনের পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে শিশুটির পরিবার। তবে এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজউদ্দিন। তিনি বলেন, অভিযোগ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।