আট বছরের এক শিশু বাবার সঙ্গে গতকাল রোববার এসেছিল ঝিনাইদহ আদালতে। তার নামে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সেই মামলায় গতকাল আদালত তার জামিন মঞ্জুর করেন।
গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আবু আহসান মো. হাবিব জামিন মঞ্জুর করে আগামী তারিখে শিশুটির জন্মসনদ দাখিলের নির্দেশ দেন।
শিশুটির বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।
শিশুটির বাবা বলেন, মামলার এজাহারে নাম না থাকলেও পুলিশ তদন্ত শেষে তাঁর ছেলের নামে অভিযোগপত্র জমা দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ এপ্রিল নিয়ামতপুর ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে এক কিশোর (১৪)।
মেয়েটির পরিবারের পক্ষ থেকে ওই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার তদন্ত শেষে ওই মেয়েকে বাড়ি থেকে ডেকে আনার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
শিশুটির আইনজীবী তবিব-উর রহমান বলেন, বিজ্ঞ বিচারক আগামী তারিখে তার (শিশু) জন্মনিবন্ধনের কার্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জন্মনিবন্ধনের কার্ড আদালতে জমা দিলে মামলা থেকে তার নাম বাদ যেতে পারে বলে তিনি (আইনজীবী) আশা করছেন।