বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাগারে থাকা আট বন্দীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন।
এই আট বন্দীকে ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
বিচার শেষ না হওয়া বিভিন্ন অভিযোগে করা পৃথক মামলায় ঢাকা, সিলেট ও সাতক্ষীরার বিভিন্ন কারাগারে ওই আট বন্দীর এক দশকের বেশি সময় ধরে আটক থাকার তথ্য গত সোমবার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যালএইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। গতকাল শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটসহ বিবাদীদের ১৫ দিনের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
সুপ্রিম কোর্ট লিগ্যালএইড কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে, আটজন বন্দীর মধ্যে বিস্ফোরক উপাদানাবলি আইনের মামলায় ২০০৬ সালের ৯ মার্চ থেকে সাব্বির আহমেদ, একটি হত্যা মামলায় একই বছরের ৭ মে থেকে সাইফুল আলম, অপর একটি হত্যা মামলায় ওই বছরের ১৪ ডিসেম্বর থেকে মো. দানা মিয়া সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। একটি হত্যা মামলায় ২০০৬ সালের ৯ এপ্রিল থেকে আসাদুল ওরফে আছা সাতক্ষীরা জেলা কারাগারে আছেন। একটি হত্যা মামলায় ২০০৬ সালের ১২ জুন থেকে অসীম হালদার বাগেরহাট কারাগারে রয়েছেন।