আট বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে নাসাকা
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকাররত অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী বাংলাদেশি আট জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাবরাং ইউপির সদস্য আবদুস সালাম বলেন, ১৬ সেপ্টেম্বর প্রতিদিনের মতো স্থানীয় বাসিন্দা নৌকার মালিক হায়দর আলী, আলী জোহার, আবদুস শুক্কুর, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ইসলাম, আয়ুব আলী ও মোহাম্মদ উল্লাহর মালিকাধীন নৌকাগুলো নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় ফাঁদজাল পেতে দু-একজনকে রেখে অপর জেলেরা কূলে ফিরে আসেন। সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাসাকা বাহিনী একটি ট্রলারে করে হামলা চালিয়ে সাতটি নৌকায় থাকা আট জেলেকে মিয়ানমারে ধরে নিয়ে যায়। তাঁরা হলেন: শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা লাল মিয়ার ছেলে আয়ুব আলী (২৫), মো. সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৭), আলতাফ হোসেনের ছেলে জাকের হোসেন (২৮), আবদুল মোনাফের ছেলে সৈয়দ কাশিম (৩৫), মৃত মোহাম্মদ সুলতানের ছেলে জাবেদ আলম (৩০), হোসেন আহাম্মদের ছেলে মনু মিয়া (৩০), মকতুল হোসেনের ছেলে নবী হোসেন (৩২) ও সালামত উল্লাহর ছেলে হাবিব উল্লাহ (৪০)।নৌকার মালিক আবদুস শুক্কুর, মোহম্মদ তৈয়ব ও মোহাম্মদ উল্লাহ বলেন, নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় আট জেলেকে কে বা কারা নিয়ে গেছে, সেটা অনুসন্ধান করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে জানতে পারেন, জেলেরা বর্তমানে মিয়ানমারে নাসাকার ৭ নম্বর সেক্টরের হাসুরাতা ক্যাম্পে (ঘাঁটি) আটক রয়েছেন। তাঁদের ছাড়িয়ে আনতে ৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বরাবরে একটি লিখিত দরখাস্ত করা হয়েছে।ধরে নিয়ে যাওয়া জেলে পরিবারের লোকজন বলেন, এখন এলাকাজুড়ে চলছে নাসাকা-আতঙ্ক। এ অবস্থা চলতে থাকলে নদীতে মাছ ধরা বন্ধ করে দিতে হবে। জেলেদের ফেরত আনার জন্য সরকারের সহযোগিতার পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে এসব বন্ধ করার অনুরোধ করছেন তাঁরা। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ‘নাফ নদী থেকে নাসাকা বাহিনী কয়েকজন জেলেকে ধরে নিয়ে গেছে বলে স্থানীয় নৌকার মালিকদের একটি দরখাস্ত পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’