আট বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় আটক আট বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিজিবির কাছে হস্তান্তর করেন।
তাঁরা হলেন খুলনার দক্ষিণ ফুলতলা গ্রামের ছমির আলী (৩০), তাঁর মেয়ে সুমি খাতুন (৮), ছেলে সাকিব (৩); বাগেরহাট জেলার কুলতলা গ্রামের কবির (৪০), তাঁর ভাই আরিফ হোসেন (৪); পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের ছমিরন নেছা (৪০), তাঁর মেয়ে ছানিয়া খাতুন (৬) এবং যশোর জেলার কোটাপাড়া গ্রামের হিরা শেখ (২৬)।
বিজিবি সূত্র জানায়, বিএসএফের হাতে আটক হওয়া ব্যক্তিরা কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে গত বুধবার রাতে ভারতে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের স্বরূপনগর থানার আমুদিয়ায় পৌঁছালে বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন। গতকাল সকালে তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফের কাছে আহ্বান জানানো হয়। বিজিবির আহ্বানে সাড়া দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তলুইগাছা সীমান্তের মেইন পিলার-১৩-এর সাবপিলার-২-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
পতাকা বৈঠকে পাঁচ সদস্যের বিএসএফের একটি দলের নেতৃত্ব দেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের এসআই প্রণব কুমার। বিজিবি দলের নেতৃত্ব দেন তলুইগাছা কোম্পানি কমান্ডার শেখ ফয়েজ হাসান। বৈঠকের পর বিএসএফের সদস্যরা আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন। সাতক্ষীরা বিজিবি-৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ব্যক্তিদের সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।