আট বিচারপতি শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া আট বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের পর্যায়ক্রমে শপথবাক্য পড়ান।
এই আট বিচারপতির সঙ্গে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলী। তবে স্থায়ী নিয়োগ না পাওয়ায় তিনি রিট আবেদন করেন। গতকাল মধ্যাহ্ন বিরতির পর এই আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ তা নিষ্পত্তি করে আদেশ দেন। আদালত বলেন, আবেদনকারী চাইলে আপিল বিভাগে আবেদন করতে পারেন।
সকালে আট বিচারপতি শপথ নেন। তাঁরা হলেন বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক হিসেবে এই আট বিচারপতির সঙ্গে মো. ফরিদ আহমদ শিবলী ও বিচারপতি জে এন দেব চৌধুরী নিয়োগ পেয়েছিলেন। একই বছরের ১২ ফেব্রুয়ারি তাঁরা শপথ নেন। গত ১৫ ডিসেম্বর জে এন দেব চৌধুরী মারা যান। ৭ ফেব্রুয়ারি স্থায়ী বিচারপতি হিসেবে আট বিচারপতির নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বাদ পড়েন মো. ফরিদ আহমদ শিবলী। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, নিয়োগের বিষয়ে সিদ্ধান্তের জন্য আবেদনকারী আপিল বিভাগে আবেদন করে যথাযথ প্রতিকার চাইতে পারেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। এর প্রত্যয়িত অনুলিপি পাওয়ার পর আপিল বিভাগে আবেদন করা হবে। এর আগে বাদ পড়া বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের করা আবেদন আপিল বিভাগে বিচারাধীন।