আট বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে টাকার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে একটি বিদ্যালয়ের সভাপতি ১৫ জানুয়ারি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রার্থীদের কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা করে নেওয়া হয়েছে।
ইউএনও আজাহারুল ইসলাম জানান, নিয়োগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার একজন প্রতিনিধি তিন সদস্যের কমিটি একটি প্যানেল করে তাঁকে দেন। যে প্রথম হন, তিনি তাঁকেই নিয়োগের অনুমোদন দেন। অনিয়ম হয়ে থাকলে তা নিয়োগ কমিটির ব্যাপার। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
উপজেলার কোকতাড়া, মনসাপুর, বাংলাহিলি মডেল, বাংলাহিলি-২, বাসুদেবপুর , বোয়লদাঁড়, সাতকুড়ি, পাউশগাড়া ও খাট্টাউচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার জন্য গত ৩১ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে খাট্টাউচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ স্থগিত রয়েছে।
কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় কোকতাড়া গ্রামের মাহবুবুর প্রথম ও শংকর কর্মকার দ্বিতীয় হন। কিন্তু তাঁদের বাদ দিয়ে প্রধান শিক্ষক তাঁর পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা টাকার বিনিময়ে একই গ্রামের সুজাউল ইসলামকে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে সুজাউল জানান, তাঁর বাবা নিয়োগ কমিটিকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অভিযোগ করেন, সভাপতি নিয়োগ থেকে কিছু আশা করেছিলেন। তা না হওয়ায় তিনি এসব অভিযোগ করছেন।
খাট্টাউচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া শাহাদৎ হোসেন, মবিনুর রহমান ও মাসুদুর রহমান জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বোয়ালদাঁড় ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন স্থানীয় শামীম হোসেনের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে নিয়োগ চূড়ান্ত করেছেন। প্রধান শিক্ষক সাইয়েদা সুলতানা নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার অনিয়ম হয়নি বলে দাবি করেছেন। শামীম হোসেন জানান, নিয়োগের জন্য তাঁর বাবা নাসির উদ্দিনকে টাকা দিয়েছেন।
বোয়ালদাঁড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন অভিযোগ করেন, বোয়ালদাঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি পাঁচ লাখ টাকার বিনিময়ে নৈশপ্রহরী নিয়োগ দিয়েছেন। প্রধান শিক্ষক মশিহুর রহমান জানান, তিনি গত জুন মাসে যোগদান করেছেন। কিন্তু তাঁর আগেই কমিটির সদস্যরা কাকে নিয়োগ দেওয়া হবে তা চূড়ান্ত করে রেখেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম নৈশপ্রহরী পদের নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির কথা তিনিও শুনেছেন। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নিয়োগ কমিটির প্রধান উপদেষ্টা দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলি সাদিক জানান, তিনিও এসব পদে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।