আট বিদ্যালয়ের শতভাগ পাস, খুশির জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফলে ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ার আটটি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আনন্দে আত্মহারা।
ময়মনসিংহ জিলা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ময়মনসিংহ গার্লস কলেজের (স্কুল শাখা) সব পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বেশি ভালো করেছে ময়মনসিংহ গার্লস কলেজ।
গতকাল বুধবার দুপুরে বিভিন্ন স্কুল গিয়ে ও খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৩ জন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে ২৭৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২২৫ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখা থেকে ১৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬২ জন জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখা থেকে ৫০ শিক্ষার্থী অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী বলেন, ‘ফলাফল সন্তোষজনক হলেও আমরা সামনে আরও ভালো করার জন্য কাজ করে যাচ্ছি।’
এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার চারটি বিদ্যালয় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। বিদ্যালয়গুলোর শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে বেশি ভালো করেছে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়।
এ বছর অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ৩০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন। এ ছাড়া রামকানাই হাই একাডেমি, কোকিল টেক্সটাইল মিল উচ্চবিদ্যালয় ও উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের রামকানাই হাই একাডেমি থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিনজন। কোকিল টেক্সটাইল মিল উচ্চবিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ‘আমার স্কুলের ছেলেরা অনেক ভালো ফল করেছে। এই ফলে আমি অনেক আনন্দিত।’