আট বোর্ডের সাতটিতেই প্রথম ক্যাডেট কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসিতে এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা ছাড়া অন্য সব বোর্ডেই প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছে ক্যাডেট কলেজগুলো। শতভাগ পাসের হার ছাড়াও ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ।দেশের ১২টি ক্যাডেট কলেজের মোট ৫৫৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩৯ জন। বাকি ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৪-এর অধিক নম্বর পেয়েছেন।বিভিন্ন বোর্ডের সেরাদের তালিকায় বরাবরের মতোই এ বছরও ভালো অবস্থানে রয়েছে ক্যাডেট কলেজগুলো। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি স্থানই ক্যাডেট কলেজগুলোর দখলে। এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, তৃতীয় স্থানটি দখল করেছে রাজশাহী ক্যাডেট কলেজ।কুমিল্লা বোর্ডেরও প্রথম দুটি স্থান ক্যাডেট কলেজের দখলে। প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। যশোর বোর্ডে প্রথম হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বোর্ডে প্রথম ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বরিশাল বোর্ডে প্রথম স্থান বরিশাল ক্যাডেট কলেজের, সিলেট বোর্ডের শীর্ষস্থানটি সিলেট ক্যাডেট কলেজের। রংপুর ক্যাডেট কলেজ দিনাজপুর বোর্ডে প্রথম স্থান দখল করেছে।তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে আছে ঢাকা বোর্ডের দুটি ক্যাডেট কলেজ। ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় অবস্থানে আছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ আর মির্জাপুর ক্যাডেট কলেজের অবস্থান সপ্তম।