আট মাস ধরে অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মা ও শিশুকল্যাণকেন্দ্রে চিকিৎসকের অভাবে আট মাস ধরে প্রসূতি মায়েদের অস্ত্রোপচার (সিজারিয়ান) বন্ধ রয়েছে। ১০ শয্যার কেন্দ্রটি এখন মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে।মা ও শিশুকল্যাণকেন্দ্র সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সন্ধ্যায় চিকিৎসকের অবহেলায় প্রসূতি মা তাহেরা বেগম (২০) মারা যান। ওই রাতে প্রসূতির শ্বশুর ইছাহাক আলী বাদী হয়ে চিকিৎসক আখতার জাহান ও একজন পরিদর্শকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে হত্যা মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্ত চিকিৎসক আখতার জাহানকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে গত জুলাই মাসে তাঁকে নিজ জেলা টাঙ্গাইলে বদলি করে। কিন্তু এখানে কোনো চিকিৎসকও দেয়নি। এর পর থেকে এ কেন্দ্রে প্রসূতির অস্ত্রোপচার বন্ধ রয়েছে। আর এ কারণে এ কেন্দ্রে একমাত্র চিকিৎসক অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) অথীন্দ্রনাথ সরকারের এখন মূলত কোনো কাজ নেই। তিনি শহরের বিভিন্ন ক্লিনিকে কাজ করেন।এ ব্যাপারে অথীন্দ্রনাথ সরকার বলেন, ‘অস্ত্রোপচারের জন্য চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) না থাকায় এ কেন্দ্রে গত জুলাই মাস থেকে প্রসূতির অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক প্রসবসহ অন্যান্য সেবা চালু আছে। এ কেন্দ্রে প্রতি মাসে ১৮ থেকে ২০ জন প্রসূতির অস্ত্রোপচার করা হতো। এখন প্রসূতি মায়েদের বাধ্য হয়ে অন্যত্র অস্ত্রোপচার করাতে হচ্ছে। তাই এলাকার মানুষের স্বার্থে ক্লিনিকে অস্ত্রোপচারে সহযোগিতা করি।’নারীদের অধিকার রক্ষা সংশ্লিষ্ট স্থানীয় সংস্থা দুর্বার নেটওয়ার্কের উপদেষ্টা আকতারুন নাহার বলেন, ‘চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ঘটনার বিচার চেয়ে আমরা মানববন্ধন করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ বিচার না করে পুরস্কার হিসেবে অভিযুক্ত চিকিৎসককে নিজ জেলা টাঙ্গাইলে বদলি করেছে। আবার এ কেন্দ্রে কোনো চিকিৎসকও নিয়োগ দিচ্ছে না। জেলা সদরের এমন একটি কেন্দ্রে আট মাস ধরে চিকিৎসক না থাকায় দরিদ্র পরিবারের প্রসূতিরা বিপাকে পড়েছেন। এটা দুঃখজনক।’জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, এই কেন্দ্রে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে। অস্ত্রোপচার (সিজারিয়ান) বন্ধ থাকলেও স্বাভাবিক প্রসবসহ অন্যান্য সেবা চালু রয়েছে।জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, মা ও শিশুকল্যাণকেন্দ্রের জন্য একজন চিকিৎসক চেয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।