বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) প্রায় ৭০০ তালিকাভুক্ত সংগীতশিল্পী আট মাস ধরে সম্মানী ভাতার চেক পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
মহাহিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয়ে (এজি অফিস) বিল পাস হতে সময়ক্ষেপণসহ নানা অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ শিল্পীদের পাওনা পরিশোধে গড়িমসি করছে বলে দাবি করেন শিল্পীরা। এমনকি ঈদুল আজহা ও দুর্গাপূজার আগেই সম্মানী ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও কর্তৃপক্ষ তা রক্ষা করেনি।
জানা যায়, গত ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সংগীতশিল্পীদের সম্মানী ভাতার চেক দেওয়া বন্ধ রয়েছে। এর আগে অডিট (হিসাব) বিভাগের তদন্তে চেক প্রদানে চট্টগ্রাম টেলিভিশন কর্তৃপক্ষের কিছু অনিয়ম ধরা পড়ে। এ নিয়ে টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে হিসাব বিভাগের টানাপোড়েনের জের ধরে শিল্পী সম্মানীর টাকাও আটকে আছে বলে ধারণা করা হয়।
এসব বিষয়ে জানতে গতকাল দুপুরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) রফিক উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু প্রতিবার ফোনটি বন্ধ (সুইচ অফ) পাওয়া যায়। পরে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, জিএম দাপ্তরিক প্রয়োজনে ঢাকায় অবস্থান করছেন।
শিল্পী সম্মানী না পাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আসাদ মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, আগামী রোববারের মধ্যে শিল্পীদের আট মাসের বকেয়া চেকের টাকা পরিশোধ করে দিতে পারব।’
২ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীরা সম্মানীর চেক না পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিবাদ ও মতবিনিময় সভা আয়োজন করেন। এতে তাঁরা দাবি আদায়ে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন।
সংগঠনের আহ্বায়ক মো. কায়সারুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপকের সঙ্গে বহুবার আলাপ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের বারবার এজি অফিসের দোহাই দিয়ে চেক প্রদানে গড়িমসি করছে টেলিভিশন কর্তৃপক্ষ। এর আগে এত দীর্ঘ সময় ধরে চেক না দেওয়ার কোনো নজির নেই এখানে। অথচ চট্টগ্রাম টিভির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। চেক নিয়ে কালক্ষেপণের পেছনে আসলে টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দুর্নীতি জড়িত বলে আমরা আভাস পেয়েছি।’
কায়সারুল আলম জানান, দ্রুত সম্মানী ভাতার বিষয়টির কোনো সুরাহা না হলে তাঁরা শিল্পীদের পক্ষ থেকে টেলিভিশনের অনুষ্ঠান বর্জনসহ কঠোর কর্মসূচি আহ্বান করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারিত হয়। প্রতিদিনের অনুষ্ঠানসূচিতে থাকে স্থানীয় সংবাদ, আলোচনা, গানের অনুষ্ঠান প্রভৃতি।
টেলিভিশনে ‘এ বিশেষ’ শ্রেণির একজন সংগীতশিল্পীর সম্মানী এক হাজার তিন শ টাকা, ‘এ প্লাস’ এক হাজার এবং ‘এ’ গ্রেডের শিল্পীর সম্মানী ৯০০ টাকা।