আট মাস পর ইউ টিউব খুলল
জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউ টিউব আবারও চালু করা হয়েছে। প্রায় আট মাস বন্ধ থাকার পর ইউ টিউব খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইউ টিউবের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে দেশের সবগুলো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) এ-সংক্রান্ত মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে আইআইজি প্রতিষ্ঠানগুলোর কাছে ই-মেইলের মাধ্যমে লিখিত নির্দেশও পৌঁছে যাবে বলে জানান তিনি। বিভিন্ন আইআইজি প্রতিষ্ঠানে যোগাযোগ করে জানা গেছে, বেলা সাড়ে তিনটা থেকে চারটার মধ্যেই বিটিআরসির ফোন পেয়ে তাঁরা ইউ টিউব চালু করে দিয়েছেন। গত বছর ২৩ জুন ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের একটি চলচ্চিত্রের কিছু অংশ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ শুরু হয়। সহিংস বিক্ষোভে নিহতও হন অনেকে। কয়েক দিনের মধ্যে পাকিস্তানসহ বিভিন্ন দেশে ইউ টিউব বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ সরকারও একই পদক্ষেপ নেয়।