মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের সাজা কার্যকরের ক্ষেত্রে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। পলাতক দণ্ডিতদের সাজা কার্যকরের বিষয়টি দেখভালের জন্য তদারকি সেল গঠন করা হয়েছে প্রায় আট মাস আগে। আট সদস্যের এই সেল অবশেষে গতকাল বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা এই তদারকি সেলকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছেন। তাঁরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডাদেশপ্রাপ্ত পলাতকদের সাজা কার্যকর করার আগ্রহ থাকলে তদারকি সেলের প্রথম বৈঠকে বসতে আট মাস লাগত না। সরকারের উচিত ছিল, ট্রাইব্যুনালে প্রথম পলাতক আসামির রায় ঘোষণার পরপরই তাঁকে খুঁজে বের করে সাজা কার্যকরের উদ্যোগ নেওয়া।
২০১২ সালের ৩ এপ্রিল ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামায়াতে ইসলামীর সাবেক রুকন (সদস্য) আবুল কালাম আযাদকে গ্রেপ্তার করা যায়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে তিনি পালিয়ে যান। তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে বিচার হয়। ২০১৩ সালের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে ট্রাইব্যুনাল-২ আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তিনি কোথায় বা কোন দেশে আছেন, রায় ঘোষণার পর থেকে এখনো সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।
আযাদের বিরুদ্ধে রায় ঘোষণার পর ২০১৩ সালের ৩ নভেম্বর একাত্তরের আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। মুক্তিযুদ্ধের পর থেকে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। দুটি মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এই তিনজনকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি। ট্রাইব্যুনাল-১-এ অপেক্ষমাণ রয়েছে আরেক পলাতক ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলার রায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সাজা কার্যকরের বিষয়টি দেখভালের জন্য আট সদস্যের একটি তদারকি সেল গঠন করা হয়। এই সেলের প্রধান হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ। এই সেলে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয় ও মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। তদন্ত সংস্থার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওই সেল গঠন করা হলেও কোনো বৈঠক না হওয়ায় গত ৫ আগস্ট তারা তদারকি সেলের প্রধানকে বৈঠক অনুষ্ঠানের তাগাদা দিয়ে চিঠি দেয়।
তদারকি সেলের প্রথম বৈঠক হওয়ার আগেই ট্রাইব্যুনাল-১-এ আরেক পলাতক পিরোজপুরের ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শুরু হয়েছে। ৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
৮ সেপ্টেম্বর এ বিষয়ে জানতে চাইলে তদারকি সেলের প্রধান কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, অভ্যন্তরীণভাবে তাঁরা বৈঠক করেছেন। এগুলো গোপনীয় বিষয়, তাই প্রকাশ্য কোনো বৈঠক হয়নি। পলাতকদের ফিরিয়ে আনতে নানাভাবে চেষ্টা চলছে। কিন্তু বিষয়টি দুঃসাধ্য, কারণ দণ্ডপ্রাপ্তরা যেসব দেশে আছেন, সেসব দেশ থেকে ফিরিয়ে আনা খুবই কঠিন।
অবশ্য গতকাল অনুষ্ঠিত তদারকি সেলের বৈঠকের জন্য এর সদস্যদের কাছে পাঠানো চিঠিতে এটিকে ‘প্রথম বৈঠক’ উল্লেখ করা হয়েছে।
তদন্ত সংস্থার সহ–সমন্বয়ক সানাউল হক গতকাল তদারকি সেলের প্রথম বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘পলাতক আসামিদের সাজা কার্যকরের জন্য যে তদারকি সেল আট মাসেও একটি বৈঠক করতে পারে না, সেটিকে আমার লোক দেখানো বলে মনে
হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।’ বিদেশ থেকে আসামিদের ফিরিয়ে আনা মোটেই কঠিন নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য সরকারের কার্যকর উদ্যোগ ও সদিচ্ছার দরকার।’