আট মাস পর ভারত থেকে ফিরল অপহূত স্কুলছাত্রী
মানিকগঞ্জের শিবালয় থেকে অপহূত এক স্কুলছাত্রী আট মাস পর ভারত থেকে দেশে ফিরেছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফেরে সে। তাকে অপহরণের ঘটনায় ধরা পড়ে শিপন দাস (২২) নামের এক যুবক পশ্চিমবঙ্গের রানাঘাট কারাগারে বন্দী রয়েছে।ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা পুলিশের পরিদর্শক (ডিআইও-ওয়ান) রাম প্রসাদ মন্ডল ও কৃষ্ণনগর থানার উপপরিদর্শক দীপক কুমার ওই স্কুলছাত্রীকে গতকাল চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সীর কাছে হস্তান্তর করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তা এবং মেয়েটির বাবা উপস্থিত ছিলেন।বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয় ওই স্কুলছাত্রীকে। সে জানায়, সে মানিকগঞ্জের শিবালয়ের একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ২ মার্চ প্রাইভেট পড়ে সে বাড়ি ফিরছিল। এ সময় তার বান্ধবীর সঙ্গে দেখা হয়। ওই বান্ধবী তাকে ফলের রস খেতে দেয়। ফলের রস খেয়ে সে অচেতন হয়ে পড়ে। চেতনা ফেরার পর সে নিজেকে চট্টগ্রামের একটি বাড়িতে দেখতে পায়। এ সময় ওই বান্ধবীদের জুয়েলারি দোকানের কর্মচারী নোয়াখালীর বেগমগঞ্জ থানার পূর্ব বেড়াজালি গ্রামের শিপন দাসসহ অপরিচিত বেশ কয়েকজন সেখানে ছিল। তারা তাকে জানায় যে তাকে অপহরণ করা হয়েছে। তার বাবা আড়াই লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। টাকা না পেয়ে টানা দেড় মাস চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে তাকে আটকে রাখা হয়। এরপর গত ২০ এপ্রিল বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।স্কুলছাত্রী জানায়, ভারতে নিয়ে শিপন তাকে নদীয়া জেলার বিভিন্ন গ্রামে তাঁর আত্মীয় বাড়িতে রাখে। প্রায় আড়াই মাস এভাবে রাখার পর গত ৭ জুলাই নদীয়ার হরিণঘাটা থানার পুলিশ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপন ও তাকে গ্রেপ্তার করে। গত ২৫ জুলাই আদালতের নির্দেশে কারামুক্ত হলে তাকে কৃষ্ণনগরের একটি সেফ হোমে রাখা হয়। কৃষ্ণনগর থেকে দুই আইনজীবী মুঠোফোনে বাংলাদেশে তার বাবাকে বিষয়টি জানান। খবর পেয়ে তার বাবা ২১ সেপ্টেম্বর ভারতে যান এবং তাকে ফিরিয়ে আনতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২৩ অক্টোবর দেশে ফেরেন। ওই স্কুলছাত্রীর বাবা জানান, অপহরণের ঘটনায় শিপন দাসকে প্রধান আসামি করে গত ৪ মার্চ মানিকগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুস সালামকে বিষয়টি অবহিত করা হয়েছে।