আট মাস পরেও পুরস্কার মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আট মাস আগে। কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা এখনো কোনো পুরস্কার পায়নি।

একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেন, গত ১২ জানুয়ারি এ প্রতিযোগিতায় হয়। এতে উপজেলার ষাটমা, সিংহগ্রাম, বড়লেখা, অজমীর, চিন্তাপুর ও এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দাবা, ব্যাডমিন্টন, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ১০০ মিটার দৌড় ও সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নেওয়া অন্তত ৩০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। একই সময় সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরস্কার পেলেও খেলাধুলা শাখার বিজয়ীরা পুরস্কার পাচ্ছে না।

তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষক অভিযোগ করেন, পুরস্কারের বিষয়ে তাঁদের পক্ষ থেকে উপজেলার দায়িত্বে থাকা শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি সময়ক্ষেপণ করে চলেছেন। অন্য কিছু সম্ভব না হলেও বিজয়ী শিক্ষার্থীদের অন্তত একটি করে সনদ দেওয়ার জন্য কর্মকর্তাকে অনুরোধ জানান শিক্ষকেরা।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার বলেন, প্রতিযোগিতার সময় জেলার রাজনগর উপজেলার শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ এ দায়িত্বে ছিলেন।

হেমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, প্রতিযোগিতার পর পরই বড়লেখা উপজেলা থেকে তিনি রাজনগরে বদলি হয়ে যান। তবে পুরস্কারের জন্য প্রয়োজনীয় টাকা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তহবিলে জমা রয়েছে। এ নিয়ে কেন অযথা সময় ব্যয় করা হচ্ছে তা তিনি জানেন না।