আট মাসই ক্লাস হবে না স্কুলটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>• ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়।
• ছুটিছাটা ও পরীক্ষার কারণে এখনই সাত মাস ক্লাস বন্ধ থাকে।
• নতুন করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করার তোড়জোড় চলছে।

তিনটি বোর্ড পরীক্ষার সঙ্গে বিভিন্ন অভ্যন্তরীণ পরীক্ষা। আছে এ ছুটি, ও ছুটি। দুয়ে মিলে কেটে যায় সাত মাস। আসল কাজ ক্লাসই ঠিকমতো হয় না। এবার যুক্ত হচ্ছে আরও একটি পরীক্ষা। সেটি খেয়ে নেবে আরও এক মাস। বছরে মাত্র চার মাস ক্লাসের সুযোগ পাবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়।

বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় এই এলাকার মধ্যে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই স্কুলে বর্তমানে ১ হাজার ৪০০ ছেলেমেয়ে পড়ালেখা করছে। নানা প্রতিকূলতার মধ্যেই এখন পর্যন্ত প্রতিষ্ঠানে পড়ালেখার মান যথেষ্ট ভালো আছে। প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সমস্যা ঠিকমতো ক্লাস নিতে না পারা। ছুটিছাটা তো আছেই। আবার এ পরীক্ষা, ও পরীক্ষা লেগেই থাকে। নতুন করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করা হলে ক্লাস নেওয়ার সুযোগ আরও সংকুচিত হবে। তখন প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখা আরও কঠিন হয়ে পড়বে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে তিনটি বোর্ড পরীক্ষার কেন্দ্র। প্রতিবছর পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে। এই তিন পরীক্ষায় খেয়ে নেয় দুই মাসের বেশি সময়। ওই সময়ে কোনো ক্লাস হয় না। এরপর রয়েছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা। এ জন্য ক্লাস বন্ধ থাকে আরও দুই মাস। এরপর রয়েছে সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে বছরে কমবেশি ৮৫ দিনের ছুটি। সব মিলিয়ে বছরে সাত মাসের বেশি সময় ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, একটা শিক্ষাপ্রতিষ্ঠান এতগুলো পরীক্ষার কেন্দ্র হলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কিছুটা হবেই। ফলে নতুন কোনো পরীক্ষার কেন্দ্র হোক, এটা তাঁরা চাইছেন না।

অভিভাবকদের আকুতি
বিষয়টি সম্প্রতি জানাজানি হয়েছে। এতে নড়েচড়ে বসেছেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও। ইতিমধ্যে অভিভাবকেরা একজোট হয়ে এ বিষয়ে শিক্ষাসচিব, যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
ওই আবেদনে যুক্ত বিদ্যালয়ের এক ছাত্রীর বাবা সোহরাব হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, বছরের আট মাসই তাঁর মেয়ে ক্লাস করার সুযোগ পাবে না। তখন এই প্রতিষ্ঠানে মেয়েকে পড়িয়ে তিনি কী আশা করবেন?
বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক সূত্রে জানা গেছে, খালিশপুরে সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ রয়েছে। খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়কে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করতে তারাই যশোর বোর্ডে আবেদন করেছে। তবে বোর্ডের মনোভাব এখনো জানা যায়নি।
সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের অধ্যক্ষ বলেন, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়রে দুটি পরীক্ষা তাঁদের কলেজে হয়ে থাকে। তাঁরা ওই বিদ্যালয়ে পরীক্ষার জন্য আবেদন করেছেন। এ ক্ষেত্রে পরীক্ষার পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি চিন্তায় রাখা হয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত আছেন। তিনি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তিনি দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই বিষয়টি নিয়ে কথা বলবেন। কোনোভাবেই যেন বিদ্যালয়টিকে নতুন পরীক্ষার কেন্দ্র না করা হয়, সেই অনুরোধ জানাবেন।