আট মাসে কাজ হয়েছে কেবল চারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন। কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যার কারণও জানা যায়নি। তদন্তকাজ থমকে আছে। সাংবাদিক আখতার-উল-আলমের মেয়ে ফাহমিদা আখতারের হত্যা মামলা নিয়ে এমন অভিযোগ তাঁর পরিবারের।
গত ৩০ জানুয়ারি বেলা ১১টার দিকে পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টের একটি বাড়ির পাঁচতলায় নিজের ফ্ল্যাটে ফাহমিদা আখতারের (৪৭) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাত-পা বেঁধে ফাহমিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর এই মামলার প্রথম তদন্ত শুরু করেন রামপুরা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম। তাঁর কাছ থেকে গত ১১ ফেব্রুয়ারি তদন্তভার নেন সিআইডির পরিদর্শক জিয়াউল আলম। তাঁর পদোন্নতির পর তদন্তভার পান সিআইডির আরেক পরিদর্শক অনিসুর রহমান। এরপর গত ১১ আগস্ট থেকে তদন্তের দায়িত্ব বর্তায় সিআইডির পরিদর্শক আলী আজমের ওপর।
ঘটনায় জড়িত সন্দেহে কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত-সংশ্লিষ্ট এই চারজনের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন ভিন্ন তথ্য। প্রথম আলোর সঙ্গে আলোচনায় মামলার প্রথম তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ফাহমিদাকে হত্যার পর সোনার গয়না নিয়ে গেছে হত্যাকারীরা।
ফাহমিদাকে হত্যার নেপথ্যে তাঁর পরিচিতরাই রয়েছেন বলে ধারণা দ্বিতীয় তদন্তকারী জিয়াউল আলমের। তিনি বলেন, ‘আমি ফাহমিদার বাড়ি ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে এমন ধারণাই পেয়েছি। তাঁকে পেশাদার খুনিরা হত্যার ঘটনা ঘটিয়েছে। ফাহমিদা আখতার ফ্ল্যাটে যে একা থাকতেন সে ব্যাপারে হত্যাকারীরা জানত।’
তৃতীয় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আনিসুর রহমান খান বলেছেন যে তিনি হত্যাকারীদের সম্পর্কে কোনো ধারণাই পাননি।
বর্তমান চতুর্থ তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আলী আজম বলেন, কারণ যা-ই হোক, ফাহমিদাকে তাঁর পরিচিত লোকেরা হত্যা করেছে। তাঁর চলাফেরা নজরে রেখে হত্যার ঘটনা ঘটানো হয়েছে।
ফাহমিদা আখতার পেশায় ছিলেন আইনজীবী। সাংবাদিক আখতার-উল-আলমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর স্বামী গোলাম রব্বানী বাহরাইনে চাকরি করেন। আর একমাত্র ছেলে সিরাতুল মোস্তাকিম লেখাপড়া করেন যুক্তরাষ্ট্রে। স্বামী-ছেলে দেশের বাইরে থাকায় রামপুরার ওই ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে একাই থাকতেন তিনি।
এ ঘটনায় ফাহমিদা আখতারের বড় ভাই রিজওয়ান-উল-আলম বাদী হয়ে রামপুরা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। রিজওয়ান-উল-আলম জানান, ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০টা থেকে ৩০ জানুয়ারি সকালের মধ্যে যেকোনো সময় তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তাঁর দাবি, পরিকল্পিতভাবে ফাহমিদাকে হত্যা করা হয়েছে। কারণ হত্যার পর তাঁর ফ্ল্যাটে লুটপাট করে প্রায় ৫০ ভরি সোনার গয়না নিয়ে যায় হত্যাকারীরা।
রিজওয়ান বলেন, ‘আট মাসেও ময়নাতদন্ত প্রতিবেদন কেন পাওয়া যাচ্ছে না বুঝতে পারছি না। তবে ভিসেরা প্রতিবেদন পাওয়া গেছে। তা থেকে জানতে পেরেছি, ফাহমিদাকে ঘাড় মটকে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। একাধিক লোক ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো যায় না।’