আট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ২৫ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের ১২টি ব্যাংক থেকে ২৫ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে কামাল আহমেদ মজুমদারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।অর্থমন্ত্রী জানান, সরকার এ সময় সোনালী ব্যাংক থেকে দুই হাজার ৩৪৯ কোটি, জনতা ব্যাংক থেকে দুই হাজার ৩২৮ কোটি, অগ্রণী ব্যাংক থেকে দুই হাজার ৩১৬ কোটি, উত্তরা ব্যাংক থেকে ২ হাজার ৪০ কোটি, সাইথ ইস্ট ব্যাংক থেকে দুই হাজার ২৩৭ কোটি, প্রাইম ব্যাংক থেকে দুই হাজার ৫৯ কোটি, এনসিসি ব্যাংক থেকে দুই হাজার ২৪৮ কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে দুই হাজার ৬৫ কোটি, আরব বাংলাদেশ ব্যাংক থেকে দুই হাজার ১৪২ কোটি, মার্কেন্টাইল ব্যাংক থেকে দুই হাজার ৫৮ কোটি, যমুনা ব্যাংক থেকে এক হাজার ৯১১ কোটি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে এক হাজার ৮৪৭ কোটি টাকা ঋণ নেয়। তিনি জানান, এ সময় সরকার ব্যাংক থেকে আগে নেওয়া ১৭ হাজার ৮৫৭ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে। সে হিসাবে বর্তমান অর্থবছরে ব্যাংক থেকে নেওয়া সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ৭৪৩ কোটি টাকা।পুঁজিবাজার: জয়নাল আবদিনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রণ-সংক্রান্ত আইনের সংশোধনের প্রক্রিয়া চলছে। তিনি জানান, ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির মামলা ১৫ বছরেও নিষ্পত্তি হয়নি। বিচারিক আদালতের বিভিন্ন আদেশের বিরুদ্ধে আসামিদের উচ্চ আদালতে আবেদন, সাক্ষীর অভাব, তথ্য-প্রমাণের অপর্যাপ্ততা ও বিচারিক আদালতে মামলার আধিক্য থাকায় মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে।আবুল মাল আবদুল মুহিত জানান, মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সরকারের সদিচ্ছা আছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।